নির্ধারিত সময়ের প্রায় ১১ দিন পর দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। গত দুদিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে দক্ষিণের প্রায় সব জেলায়। তবে সপ্তাহান্তে ফের চড়া রোদের দেখা মিলল। গরমের অস্বস্তিও রয়েছে। তাহলে ঝেঁপে বৃষ্টি কবে হবে? কী বলছে আবহাওয়া দফতর!
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও এখনই ঝেঁপে বৃষ্টি হবে না। গাঙ্গেয় বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে তাপমাত্রা কম থাকবে। জানা গিয়েছে, গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলা – উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের বেশিরভাগ অংশে বর্ষা প্রবেশ করে গিয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গিয়েছে। তবে জোরালো বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে।
কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। ভ্যাপসা গরম থেকে অল্প স্বস্তি মিলবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে একটানা বৃষ্টি চলছে। আগামী সপ্তাহের প্রায় প্রতিদিনই সব জেলাতেই বৃষ্টি চলবে। সোমবার উত্তরের উপরের জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

