অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির নির্মীয়মাণ অফিসে চলল বুলডোজার। চন্দ্রবাবু নায়ডুর সরকার গঠনের পরই প্রাক্তন মুখ্যমন্ত্রীর সদর দফতরে বুলডোজার চালানোর ঘটনায় শোরগোল। যদিও অন্ধ্রের শাসক দলের দাবি, নির্মীয়মাণ কার্যালয়টি বেআইনিভাবে তৈরি হচ্ছিল। অন্যদিকে এনিয়ে বর্তমান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জগন মোহন।
সূত্রে খবর, শনিবার সকালে মঙ্গলগিরি তাড়েপল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় নির্মীয়মাণ ওয়াইএসআর কংগ্রেসের সদর দফতর বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অন্ধ্রের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই ঘটনাটিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ আখ্যা দিয়েছেন। পাশাপাশি আগামী পাঁচ বছরে রাজ্যের শাসন কেমন হবে তা নিয়েও ‘ইঙ্গিত’ দিয়েছেন। পাল্টা টিডিপি-র তরফে দাবি করা হয়েছে, বেআইনিভাবে ওই বিশাল ভবনের নির্মাণ কাজ চলছিল।
দেশজুড়ে লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বিজেপি, জনসেনা পার্টির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছে তেলেগু দেশম পার্টি। ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে ফের একবার বসেছেন চন্দ্রবাবু নায়ডু। প্রাক্তন শাসক দল ওয়াইএসআর কংগ্রেস পেয়েছে মাত্র ১১ টি আসন। নিজের প্রতিশ্রুতি রেখেই মুখ্যমন্ত্রী হিসেবে ৩০ মাস পর বিধানসভায় পা রেখেছেন চন্দ্রবাবু।
উল্লেখ্য, যোগীরাজ্য উত্তরপ্রদেশে বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়া বর্তমানে কার্যত রীতি হয়ে দাঁড়িয়েছে। সেই পথেই কি এবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু! রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

