ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বিহারের রাজনীতিতে তার প্রভাব স্পষ্ট। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে আরজেডি নেতা তথা ওই রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এই দুর্নীতিতে যুক্ত রয়েছেন। এরপরই পাল্টা চাল দিতে এগিয়ে এল আরজেডি। বিহারের প্রাক্তন শাসক দলের তরফে একটি ছবি প্রকাশ্যে আনা হয়েছে যেখানে বর্তমান উপমুখ্যমন্ত্রী এবং অভিযুক্ত অমিত আনন্দকে একসঙ্গে দেখা গিয়েছে। এরফলে কি অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরের!
আরজেডির তরফে এক্স হ্যান্ডেলে নিট দুর্নীতির মাস্টারমাইন্ড অমিত আনন্দ ও উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর ছবি শেয়ার করে লেখা হয়েছে, ‘নিট দুর্নীতির মূল অভিযুক্ত ও বিহারের উপমুখ্যমন্ত্রী একসঙ্গে। একজন অভিযুক্তর হাতে সম্মানিত হওয়া মন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া থেকে অভিযুক্তর সাথে সব ছবি সরিয়ে দিয়েছেন। কিন্তু চিন্তার কোনও কারণ নেই আমাদের কাছে সব ছবি আছে। দ্বিতীয় উপমুখ্যমন্ত্রীর কাছে এই ছবি পাঠিয়ে দিন।‘ সম্প্রতি বিহারের আরেক মুখ্যমন্ত্রী বিজয় সিনহা আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে নিটের অন্যতম অভিযুক্ত সিকন্দর প্রসাদ যাদবেন্দুর নাম জড়িয়ে বিস্ফোরক দাবি করেছিলেন। এরপরই আরজেডির তরফে এই পোস্ট করা হল।
গত ৪ জুন নিট পরীক্ষার ফলপ্রকাশ হয়। মেধা তালিকা নিয়ে প্রশ্ন তুলে দুর্নীতির অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। গ্রেস মার্কস প্রাপ্ত ১৫৬৩ জনের মার্কশিট বাতিলের নির্দেশ দেয় শীর্ষ আদালত। আগামী ২৩ জুন পুনরায় পরীক্ষা হবে। ফল প্রকাশ হবে ৩০ জুন। নিট পরীক্ষায় প্রশ্নপত্র বিক্রির তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। জানা গিয়েছে, পরীক্ষার আগের দিনই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। কমপক্ষে ৩০-৩২ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছিল প্রশ্ন। গত সপ্তাহেই এই দুর্নীতিতে অভিযুক্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। নিট দুর্নীতির মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে অমিত আনন্দের নাম। তাঁকে জেরা করেই প্রশ্ন বিক্রির তথ্য জানা গিয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

