লোকসভা নির্বাচন মিটতেই কলকাতায় এসে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। ইন্ডিয়া জোট সংক্রান্ত আলোচনার জন্যই এই বৈঠক হয়েছে বলে খবর। চিদম্বরম কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর বার্তা নিয়ে কলকাতায় এসেছিলেন বলেও খবর সূত্রের।
বৃহস্পতিবার কলকাতায় আসেন পি চিদম্বরম। কলকাতা বিমানবন্দর থেকে সোজা নবান্নের উদ্দেশ্যে রওনা দেন। সেখানেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। ৪০ মিনিটের একটি বৈঠক হয়। বর্ষীয়ান কংগ্রেস নেতার বঙ্গ সফর ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। কারণ জানতে কৌতূহল বাড়ছে। যদিও সূত্রে খবর, ইন্ডিয়া জোটের কার্যকলাপ নিয়ে আলোচনা এবং সনিয়া গান্ধীর বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সশরীরে পৌঁছাতে এসেছিলেন চিদম্বরম।
লোকসভা নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে নানা বিতর্ক দেখা গিয়েছিল। বাংলায় একাই লড়েছিল শাসক দল তৃণমূল। তবে ভোট চলাকালীন সাংবাদিক বৈঠকে জাতীয় কংগ্রেসের তরফে স্পষ্ট করে দেওয়া হয় ইন্ডিয়া জোটের একজন গুরুত্বপূর্ণ শরিক মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রীও বিভিন্ন প্রচারে জোটে থাকার বার্তা দিয়েছেন।
লোকসভা নির্বাচনে আশানুরূপ ভালো ফল করেছেন বিরোধী জোট। যেসব রাজ্যে আসন ভাগাভাগি হয়েছে সেখানে সুফল পাওয়া গিয়েছে। বাংলায় কংগ্রেস মুখ থুবড়ে পড়লেও বিরোধী জোটের শরিক সদস্য তৃণমূল ৪২ আসনের মধ্যে ২৯ টিতেই জয়ী হয়েছে। এরপর ভোট মিটতেই চিদম্বরমের বঙ্গ সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে রাজনৈতিক মহল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

