কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার নেপথ্যে ‘বেপরোয়া’ মালগাড়ি, ‘দোষী’ সাব্যস্ত মৃত চালক ও জখম সহচালক!

উত্তরবঙ্গের কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছে। বলি হয়েছে একাধিক নিষ্পাপ প্রাণ। আহতের সংখ্যা বহু। দিনের আলোয় কীভাবে এই দুর্ঘটনা ঘটল, এই প্রশ্নই উঠে আসছিল শুরু থেকে। রেলের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মালগাড়ির চালক ও সহচালকের গাফিলতির কারণেই দুর্ঘটনা ঘটেছে। নিয়ম না মেনে দ্রুত গতিতে চালানো হয়েছিল মালগাড়ি। এই ঘটনায় ইতিমধ্যেই কার্যত দোষী সাব্যস্ত করা হল মালগাড়ির মৃত চালক ও গুরুতর জখম সহ চালককে।

রেল সূত্রে খবর, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর্যবেক্ষণে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোমবার (১৭ জুন) সকাল ৮ টা ২৭ মিনিটে রাঙাপানি স্টেশন ছেড়ে বেরিয়ে আসে। নির্দিষ্ট এলাকার মধ্যে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা বন্ধ থাকায় পেপার সিগন্যালের মাধ্যমে ট্রেন চলাচল করছিল। রেলের তরফে দাবি করা হয়েছে, নিয়ম না মেনে দ্রুত গতিতে এগিয়ে গিয়েছে মালগাড়ি। রিপোর্টের ভিত্তিতে মালগাড়ির চালক, সহ চালক ও গার্ডকে একপ্রকার ‘দোষী’ সাব্যস্ত করা হয়েছে।

প্রাথমিক তদন্তে আগেই জানা গিয়েছিল, সোমবার সকাল ৮.১০ মিনিটে রাঙাপানি স্টেশন থেকে পেপার সিগন্যাল নেয়। সেখান থেকে এগিয়ে ৮ টা ৩৭ মিনিটে চটেরহাট স্টেশন পেরিয়ে যায়। পেপার সিগন্যালের নিয়ম অনুযায়ী, রাঙাপানি থেকে চটেরহাট পৌঁছাতে নূন্যতম ২ ঘণ্টা সময় লাগে সেখানে মালগাড়িটি মাত্র ২৭ মিনিতেই সেই পথ অতিক্রম করে নেয়। তদন্তকারীদের অনুমান, মালগাড়ির চালক দ্রুত গতিতে যাওয়ার সময় একের পর এক সিগন্যাল ভেঙেছেন। সেই সময়ে ওই লাইনে যদি অন্য কোনও এক্সপ্রেস ট্রেন থাকত তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, এমনটাই আশঙ্কা তদন্তকারীদের। প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রাঙাপানি স্টেশন ছাড়ার পরই মালগাড়ির গতিবেগ ৫০ কিমি প্রতি ঘণ্টা ছিল, যা পেপার সিগন্যাল অনুযায়ী নিয়ম বিরুদ্ধ। ৮ কিলোমিটারের পথে ১৫ টি সিগন্যাল ভেঙেছে মালগাড়িটি।

সোমবার সকালে রাঙাপানি এলাকায় শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। সংঘাতের জোরে দুমড়ে মুচড়ে লাইনচ্যুত হয়ে যায় এক্সপ্রেসের দুটি কামড়া। মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে যায় পার্সেল ভ্যান।  দুর্ঘটনায় মালগাড়ির চালক সহ কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন সহচালক। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার এক বছরের মধ্যেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ফের একবার রেলে যাত্রী সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube