পুলিশ ভুল করে বাংলাদেশের বদলে মায়ানমারের ঠিকানা লিখেছিল । পুলিশের এই মারাত্মক ভুলেই ৭ বছর ধরে ভারতের জেলে বন্দি ছিল বাংলাদেশের কক্সবাজারের তিন অনুপ্রবেশকারী । অবশেষে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে কাটতে চলেছে তাঁদের বন্দি দশা । অবিলম্বে তিন বাংলাদেশি বন্দিকে দেশে ফেরত পাঠাতে কেন্দ্র ও রাজ্যকে নির্দেশ দিল হাইকোর্ট ।
২০১৭ সালের ২৯ মার্চ কাজের সন্ধানে ভারতে পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের কক্সবাজার জেলার বালুবাসা গ্রামের বাসিন্দা নুর আলম ও তাঁর দুই বন্ধু কক্সবাজারের ঝিমংখালির বাসিন্দা আবদুল মুনাফ ও মহম্মদ রিদওয়ান । অভাবের সংসার । তাই কাজের সন্ধানে এবং বাড়তি উপার্জনের আশায় ভারতে আসতে মনস্থির করেন তিনজনে । টানাটানির সংসারে পাসপোর্ট করানোর মতো আর্থিক ক্ষমতা ছিল না তাঁদের ।
কিন্তু ২৯ মার্চ গভীর রাতে স্বরূপনগর থানার কৈজুরী সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে ধরা পড়ে যান তিনজনেই । পরের দিন তাঁদের স্বরূপনগর থানার হাতে তুলে দেয় বিএসএফ । ওইদিন বেআইনিভাবে অনুপ্রবেশ করতে গিয়ে ওই তিন বাংলাদেশির সঙ্গে একইসঙ্গে ধরা পড়ে মায়ানমারেরও বেশকিছু বাসিন্দা । কিন্তু বসিরহাট আদালতে ওই তিন বাংলাদেশির বাড়ির ঠিকানা পুলিশ ভুল করে বাংলাদেশের বদলে মায়ানমারে দেখায় । ওই বছর পুলিশের দেওয়া চার্জশিটেও পুলিশের তরফে একই দাবি করা হয় । ফলে মামলার কেস ডায়েরি এবং আদালতে পুলিশের জমা দেওয়া ভুল তথ্যের কারণেই গত ৭ বছরেও বেশি সময় ধরে দমদম সেন্ট্রাল জেলেই বন্দিজীবন কাটাচ্ছিলেন নুর আলম, আব্দুল মুনাফ এবং মহম্মদ রিদওয়ান ।
অবশেষে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে তিনজনের বন্দিদশা কাটতে চলেছে । অবিলম্বে এই তিন বন্দিকে দেশে ফেরানোর বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে উদ্যোগী হয়ে, ইতিবাচক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত । পুলিশের ভুলে তাঁদের ৭ বছর জেলে থাকতে হওয়ায় পুলিশের বিরুদ্ধেও যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন ওই তিন বাংলাদেশী বন্দি ।
এদিন আদালতে কেন্দ্র দাবি করে, ‘বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে মায়ানমারে ওই তিনজনের বাড়ির ঠিকানার খোঁজ করা হয়েছিল। কিন্তু কিছুই পাওয়া যায়নি । যদি মায়ানমারের জায়গায় তাঁদের বাংলাদেশের সঠিক ঠিকানা লেখা থাকতো, তাহলে আইন মেনে ৯৫ দিনের মাথাতেই তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হত । কিন্তু ভুল ঠিকানা লেখা থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে’ । পাশাপাশি রাজ্যের পক্ষ থেকেও পুলিশের ভুলের কারণে ওই তিনজনকে ৭ বছর জেলে থাকতে হয়েছে বলে স্বীকার করে নেওয়া হয়েছে । পাশাপাশি, রাজ্য আদালতকে আশ্বস্ত করেছে, তাঁদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে রাজ্য সদর্থক ভূমিকা নেবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

