ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে। কয়েক লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়েছিল প্রশ্নপত্র। এনিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এবার নিট দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেনজির আক্রমণ রাহুল গান্ধীর। ইউক্রেন-রাশিয়ার মহাযুদ্ধের প্রসঙ্গ টেনে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ।
শুক্রবার কংগ্রেসের সাংবাদিক বৈঠকে নিট পরীক্ষার দুর্নীতিকে ‘জাতীয় সংকট’ বলে আখ্যা দেন রাহুল গান্ধী। মোদী সরকারের দিকেই সরাসরি আঙুল তুলে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, ‘নরেন্দ্র মোদীজি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে বিরতি টেনেছেন, ইজরায়েল ও গাজার যুদ্ধ আটকে দিয়েছেন কিন্তু ভারতে পেপার লিক হওয়ার যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যবশত মোদীজি হয়তো সেটি আটকাতে পারছেন না কিংবা চাইছেন না।‘ নিট কেলেঙ্কারির জন্য আরএসএস পন্থীদের দায়ী করে রাহুল বলেন, ‘সব বিশ্ববিদ্যালয়ের ভিসি বিজেপি নয় আরএসএসের লোক। মেধা-যোগ্যতা না দেখে কেবল নিজেদের লোকেদের মঙ্গলের জন্য ভিসির দায়িত্ব দিলে এমনই অবস্থা হয়।‘
নিট পরীক্ষায় প্রশ্নপত্র বিক্রির তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। জানা গিয়েছে, পরীক্ষার আগের দিনই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। কমপক্ষে ৩০ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছিল প্রশ্ন। গত সপ্তাহেই অভিযুক্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। নিট দুর্নীতির মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে অমিত আনন্দের নাম। তাঁকে জেরা করেই প্রশ্ন বিক্রির তথ্য জানা গিয়েছে।
উল্লেখ্য, গত ৪ জুন নিট পরীক্ষার ফল প্রকাশ হয়। মেধা তালিকা নিয়ে প্রশ্ন তুলে দুর্নীতির অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। গ্রেস মার্কস প্রাপ্ত ১৫৬৩ জনের মার্কশিট বাতিলের নির্দেশ দেয় শীর্ষ আদালত। আগামী ২৩ জুন পুনরায় পরীক্ষা হবে। ফল প্রকাশ হবে ৩০ জুন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

