ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ধর্নার পরিকল্পনা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রাজভবনের পরিবর্তনে বিকল্প জায়গা বেছে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সূত্রে খবর, শুক্রবার আদালতে ধর্নার জন্য নতুন জায়গার কথা জানাবেন শুভেন্দুরা।
সূত্রে খবর, ধর্নার জন্য হরিশ মুখার্জি স্ট্রীটে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ করতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতা হাইকোর্টে সেই প্রস্তাব দিতে পারেন তিনি। ভোট পরবর্তী হিংসা নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, এরমধ্যে ডায়মন্ড হারবারকে হিংসার কেন্দ্রস্থল হিসেবে মনে করছে বঙ্গ বিজেপি। তাই ডায়মন্ড হারবারের সাংসদের বাড়ির সামনে প্রতিবাদ কর্মসূচি হতে পারে।
ভোট পরবর্তী হিংসার জেরে একাধিক বিজেপি কর্মীর ‘আক্রান্ত’ ও ‘ঘরছাড়া’ হওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের নিয়েই রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে আসেন শুভেন্দু অধিকারী। কিন্তু পুলিশি বাধার মুখে পড়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেই ফিরে যেতে হয় তাঁদের। এরপরই রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। প্রসঙ্গত, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে ধর্নায় বসেছিলেন শুভেন্দু অধিকারী সেই একই জায়গায় অবস্থানের জন্য অনুমতি চেয়েছিলেন।
এই মামলায় বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, কেন রাজভবনের সামনেই অবস্থান করতে হবে? শাসক দল করেছিল বলে? এরপর বিকল্প জায়গা বেছে নেওয়ার প্রস্তাব দেন বিচারপতি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

