দীর্ঘ ২৪ বছরের নবীন জমানার ইতি ঘটেছে ওড়িশায়। বিধানসভা নির্বাচনে প্রথমবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নবীন পট্টনায়েক। ওড়িশা বিধানসভায় এবার নয়া ভূমিকায় দেখা যাবে তাঁকে। বিরোধী দলনেতা হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
বুধবার ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক জানিয়েছেন, বিজেডির (Biju Janata Dal) নেতাদের নিয়ে বৈঠকে তাঁকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। একদিকে যখন লোকসভা নির্বাচন ঘিরে দেশজুড়ে তোড়জোড়, সেইসময়েই ওড়িশায় বিধানসভা নির্বাচন হয়। ১৪৭ আসনের মধ্যে বিজেপি জিতেছে ৭৮ টি আসনে। বিজেডি জয় পেয়েছে ৫১ টি আসনে এবং কংগ্রেসের ঝুলিতে যায় ১৪ টি আসন।
বিধানসভা নির্বাচনে দুটি আসনে লড়েছিলেন নবীন পট্টনায়েক। হিঞ্জলি কেন্দ্র থেকে টানা ষষ্ঠবার জয়ী হন তিনি, তবে কাঁটাবঞ্জিতে বিজেপি প্রার্থীর কাছে হারতে হয়েছে তাঁকে। প্রথমবার সরকার গঠনের পর বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছেন আদিবাসী নেতা মোহন মাঝি। উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কনক সিংহদেওকে এবং পার্বতী পরিদাকে। মুখ্যমন্ত্রিত্ব হারিয়ে বিধানসভায় বিরোধী দলনেতার ভূমিকায় দেখা যাবে নবীনকে।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনে ওড়িশায় ২১ টি আসনের মধ্যে ২০ টিতেই জয় পায় বিজেপি। একটি আসনে জিতেছে কংগ্রেস। বিজেডির ঝুলিতে শূন্য।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

