ফের বিতর্কে জড়াল ন্যাশনাল টেস্টিং এজেন্সি ( NTA ) । সম্প্রতি নিট নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্কে জড়িয়েছিল এই সংস্থা । মঙ্গলবার গবেষণার প্রবেশিকা পরীক্ষা নেট পরীক্ষা নেওয়া হয়েছিল । আর তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সেই পরীক্ষা বাতিল করার ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক । NET বাতিল হওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগতে ছাড়লেন না বিরোধীদের একাংশ ।

নেট বাতিল হতেই নিট বাতিলের দাবিতে সরব হলেন বিরোধীরা । মোদী সরকারের ঔদ্ধত্যের পরাজয় বলে এক্স হ্যান্ডেলে কটাক্ষ করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি আরও বলেন ‘পরীক্ষা নিয়ে চর্চা হয়, NEET নিয়ে চর্চা কবে হবে? NET বাতিল লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের জয়’ । তাঁর আরও সংযোজন, ‘শিক্ষামন্ত্রী বলেছিলেন কোনও প্রশ্নফাঁস হয়নি; বিহার, গুজরাত, হরিয়ানায় গ্রেফতারির পর শিক্ষা নিয়ে দুর্নীতির কথা স্বীকার করেন শিক্ষামন্ত্রী’ ।

কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীও । ‘কেলেঙ্কারির ধারাবাহিকতায় নতুন কেলেঙ্কারি!’, এমনই কড়া ভাষায় আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । ‘বিজেপির আমলে পেপার মাফিয়াদের রমরমা’, তোপ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের ।

মোদী সরকারকে তোপ দাগলেন রাজ্যও সভার সাংসদ সাগরিকা ঘোষ । সামাজিক মাধ্যমে তাঁর আক্রমণ, ‘ফের ভারতীয় তরুণদের হতাশ করলেন মোদী । একের পর এক পরীক্ষা নিয়ে বিতর্ক,‘অযোগ্য সরকারের জন্য আর কত মূল্য দেবে তরুণরা?’
প্রসঙ্গত, পরীক্ষার ১ দিন পরেই বাতিল করা হল গবেষণার প্রবেশিকা পরীক্ষা । অভিযোগ ওঠে, গোটা দেশজুড়ে যে ইউজিসি-নেট ২০২৪ পরীক্ষা নেওয়া হয়েছিল, তাতে কিছু বেনিয়ম হয়েছিল । সেই সকল বেনিয়ম নিয়ে প্রশ্ন ওঠে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে । পরীক্ষাটিকে কেন্দ্র করে ওঠে, প্রশ্নফাঁসের অভিযোগ । তাই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় । গরমিলের বিষয়টি নিয়ে তদন্ত করতে সিবিআই-কেও নির্দেশ দেওয়া হয় । ন্যাশনাল সাইবার ক্রাইম অ্যানালিটিক্স সন্দেহজনক কিছু তথ্য দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) । স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সংস্থার তথ্যের ভিত্তিতে বাতিল করা হয় ২০২৪ সালের জুন মাসের নেট পরীক্ষা । জানা যায়, সেই তথ্যের উপর নির্ভর করেই বোঝা যায়, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার অভাব ছিল ।
এই বিতর্কে ফের আলোচনার কেন্দ্রে চলে আসে ন্যাশনাল টেস্টিং এজেন্সি । ডাক্তারি প্রবেশিকার পরীক্ষা নিট নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়ে ওঠে দেশের শিক্ষামহল থেকে রাজনৈতিক মহল । এরই মধ্যে গবেষণার প্রবেশিকা পরীক্ষা নেট নিয়ে এই বিতর্কের জেরে অনিশ্চয়তার মুখে পড়ে গেল প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য । তবে শিক্ষামন্ত্রকের দ্বারা প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, এই পরীক্ষা বাতিল করা হলেও ফের নতুন করে আবার নেট পরীক্ষা নেওয়া হবে । যদিও কবে সেই পরীক্ষা নেওয়া হবে সেই নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

