ফের নাকচ হয়ে গেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন । আবগারি মামলায় অভিযুক্ত কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বুধবারই শেষ হওয়ার কথা ছিল । মেয়াদ শেষে আদালতে জামিনের আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী । কিন্তু শেষ পর্যন্ত তাঁর জামিন হয়নি । কেজরীর জামিনের বিরোধিতা করে তাঁকে জেল হেফাজতেই রাখার পক্ষে সওয়াল করে ইডি । শেষে তাঁর হেফাজতের মেয়াদ ৩ জুলাই বাড়িয়ে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট ।
এদিন দিল্লির মুখ্যমন্ত্রী ১০০ কোটি টাকার ঘুষ চেয়েছিলেন বলে আদালতকে জানিয়েছে ইডি । তাদের অভিযোগ, সিবিআই তদন্তে এই তথ্য জানা গিয়েছে । তদন্তে এও জানা গিয়েছে যে, কেজরীওয়াল তাঁর দলের তহবিলের জন্য ওই অর্থ চেয়েছিলেন বলে দাবি করেন ইডির আইনজীবী । তাছাড়াও আদালতে তাঁর যুক্তি, কেজরী যে অপরাধ করেননি, তা এখনও প্রমাণ করতে পারেননি তিনি ।
অন্য দিকে, কেজরীর আইনজীবী আদালতকে জানান, এই টাকা লেনদেনের কোনও প্রত্যক্ষ প্রমাণ নেই । যা আছে তা কেবলই কিছু দাবি এবং অভিযোগ । যাঁরা নিজেরাই আবগারি মামলায় নানা অভিযোগে অভিযুক্ত, তাঁরা ওই দাবি করেছেন । আর এ-ও জানা গিয়েছে যে, তাঁদের জামিন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । ফলে তাঁদের দাবি বা অভিযোগ নির্ভরযোগ্য কি না, তা নিয়ে প্রশ্ন আছে । তা না হলে ২০২২ সাল থেকে চলা মামলায় তারা এত দিন চুপ করে থাকত না। হঠাৎ ২০২৪ সালে তারা মুখ খুলল কেন?
দু’পক্ষের যুক্তি এবং পাল্টা যুক্তির দীর্ঘ শুনানির পরে বিচারক জানান, কেজরীওয়াল কে এখনই জামিন দিচ্ছে না আদালত। বদলে আরও ১৪ দিন তাঁর জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

