২ ঘণ্টার পথ ২৭ মিনিটে! একাধিক সিগন্যাল ভেঙে এগোয় মালগাড়ি, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় মালগাড়ির চালকের মৃত্যু হয়েছে। তবে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তাঁর ভুলের কারণেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। এবার সামনে এল আরও এক বিস্ফোরক তথ্য। দীর্ঘ পথ অতিক্রম করে ফেলেন কিছু সময়ের মধ্যেই। ভেঙেছেন একাধিক সিগন্যাল। মালগাড়ির চালকের ভুলের কারণে আরও বড় ঘটনা ঘটে যেতে পারত বলেই ধারণা তদন্তকারীদের।

সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সোমবার সকাল ৮.১০ মিনিটে রাঙাপানি স্টেশন থেকে পেপার সিগন্যাল নেয়। সেখান থেকে এগিয়ে ৮ টা ৩৭ মিনিটে চটেরহাট স্টেশন পেরিয়ে যায়। পেপার সিগন্যালের নিয়ম অনুযায়ী, রাঙাপানি থেকে চটেরহাট পৌঁছাতে নূন্যতম ২ ঘণ্টা সময় লাগে সেখানে মালগাড়িটি মাত্র ২৭ মিনিতেই সেই পথ অতিক্রম করে নেয়। তদন্তকারীদের অনুমান, মালগাড়ির চালক দ্রুত গতিতে যাওয়ার সময় একের পর এক সিগন্যাল ভেঙেছেন। সেই সময়ে ওই লাইনে যদি অন্য কোনও এক্সপ্রেস ট্রেন থাকত তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, এমনটাই আশঙ্কা তদন্তকারীদের।

প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রাঙাপানি স্টেশন ছাড়ার পরই মালগাড়ির গতিবেগ ৫০ কিমি প্রতি ঘণ্টা ছিল, যা পেপার সিগন্যাল অনুযায়ী নিয়ম বিরুদ্ধ। ৮ কিলোমিটারের পথে ১৫ টি সিগন্যাল ভেঙেছে মালগাড়িটি। দুর্ঘটনায় মালগাড়ির চালকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন সহচালক। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। এদিকে এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে মৃত চালক ও সহচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পুরো ঘটনাটাই এখন তদন্ত সাপেক্ষ।

সোমবার সকালে রাঙাপানি এলাকায় শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। সংঘাতের জোরে দুমড়ে মুচড়ে লাইনচ্যুত হয়ে যায় এক্সপ্রেসের দুটি কামড়া। মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে যায় পার্সেল ভ্যান। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। আশঙ্কাজনক একাধিক। আহতরা ভর্তি রয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল হাসপাতালে। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিকেলেই ঘটনাস্থলে যান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আহতদের সঙ্গে দেখা করতে উত্তরবঙ্গে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা নিয়ে ফের একবার রেলের ভূমিকা নিয়ে সরব হন প্রাক্তন রেলমন্ত্রী।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube