আগামী মাসেই বাংলায় চার কেন্দ্রে উপনির্বাচন। এবারেও জোট বেঁধে লড়াই করছে কংগ্রেস ও বামেরা। ইতিমধ্যেই বামেদের তরফে তিন আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে। কংগ্রেসের জন্য ছাড়া হয়েছিল একটি আসন। মঙ্গলবার (১৮ জুন) দুই আসনে প্রার্থী ঘোষণা করল হাত শিবির! অর্থাৎ আসন্ন উপনির্বাচনে একটি আসনে একে অপরের বিরুদ্ধে লড়বে দুই দল। হঠাৎ কেন এই সিদ্ধান্ত, এনিয়ে শুরু হয়েছে আলোচনা।
এদিন পশ্চিমবঙ্গ কংগ্রেসের এক্স হ্যান্ডেলে দুই আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। রায়গঞ্জে প্রার্থী করা হয়েছে মোহিত সেনগুপ্তকে এবং মতুয়াদের গড় হিসেবে পরিচিত বাগদায় অশোক হালদারকে প্রার্থী করেছে হাত শিবির। কয়েকদিন আগেই বামেদের তরফে উপনির্বাচনের প্রার্থীতালিকা প্রকাশ করা হয়। মানিকতলায় সিপিএম প্রার্থী রাজীব মজুমদার, রানাঘাট দক্ষিণে সিপিএমের প্রার্থী অরিন্দম বিশ্বাস এবং বাগদায় ফরওয়ার্ড ব্লকের গৌর বিশ্বাসকে প্রার্থী করা হয়।
কংগ্রেসের জন্য উত্তরবঙ্গের রায়গঞ্জ আসন ছেড়ে দেওয়া হয়। কিন্তু তারপরই কংগ্রেসের তরফে জানানো হয় বাগদায় তারা লড়বে। সেইমত মঙ্গলবার রায়গঞ্জ ও বাগদার উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে হাত শিবির। এরপরই জল্পনা চলছে, জোটে কি চিড় ধরল নাকি নেপথ্যে রয়েছে অন্য অঙ্ক, যদিও এখনও এনিয়ে দুই দলের তরফেই স্পষ্ট কিছু জানানো হয়নি বলে খবর।
উল্লেখ্য, আগামী ১০ জুলাই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন। শাসক দল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপি তাঁদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বিধানসভা থেকে কার্যত মুছে গিয়েছে কংগ্রেস-সিপিএম। লোকসভা নির্বাচনে খাতা খুলতে পারেনি বামেরা। একটি আসন জিতেছে হাত শিবির। এই পরিস্থিতিতে উপনির্বাচনে ভালো ফল করতে মরিয়া দুই দল। আগামী ১৩ জুলাই উপনির্বাচনের ফল প্রকাশ হবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

