কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা কাড়ল ৬ বছরের স্নেহার প্রাণ!

সানন্দা বসু

যেমন ভাবে মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বগি এদিক-ওদিক হয়ে গিয়েছিল, ঠিক তেমনই এই দুর্ঘটনায় অনেক পরিবারও যেন ওলটপালট হয়ে গেছে । সেই তালিকায় রয়েছে মালদহের চাঁচলের বাসিন্দা মহীলাল মণ্ডলের পরিবারও । অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কেড়ে নিল ছোট্ট স্নেহার প্রাণ ।

বাবা, মায়ের সঙ্গে মাটিগাড়ায় মামাবাড়ি গিয়েছিল, মালদহের কালিগঞ্জের বাসিন্দা ৬ বছরের স্নেহা মণ্ডল । ক্লাস টু-এর ছাত্রী সে । নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনের পিছন দিকে জেনারেল বগিতে উঠেছিলেন তাঁরা । আর কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা । মালগাড়ির ধাক্কায় একেবারে পাল্টি খেয়ে যায় জেনারেল বগি । দুর্ঘটনায় জখম হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মা-বাবা ও মেয়েকে । পরে সেখানেই মৃত্যু হয় ছোট্ট স্নেহার ।

মালদহের চাঁচলের বাসিন্দা মহীলাল মণ্ডল । স্ত্রী ও ৬ বছরের মেয়ে স্নেহাকে নিয়ে আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন মহীলাল । বাবা-মা ও শিশু ৩ জনেই আহত হন । গুরুতর আঘাত লাগায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারও হয় ছোট্ট স্নেহার । বাবা-মা বেঁচে গেলেও মৃৃত্যু হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রীর ।

বাবা স্কুল শিক্ষক, মা ছবি মণ্ডল চাঁচলের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য । শোকের ছায়া নেমে এসেছে স্নেহার বাড়ি ও মামার বাড়িতে । দুই বাড়িতেই বড় আদরের ছিল সে । শুধু স্নেহাই নয় । এই ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নিয়েছে ১০ টি প্রাণ । আর কত প্রাণ যাবে, উদ্বেগ বাড়াচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube