মেয়ের আবদার রাখতে তড়িঘড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরেছিলেন বাবা! দুর্ঘটনার পর বাড়িতে এখন শুধুই আর্তনাদ

বাড়িতে একটি ছোট মেয়ে রয়েছে । তার বয়স মাত্র ১১ বছর । সোমবার ছিল মেয়ের জন্মদিন । ছোট্ট মেয়েটা আবদার করেছিল, বাবা বাড়িতে এলে তবেই কেক কাটবে সে । সেই টানেই তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য শুভজিৎ মালি উঠেছিলেন ‘অভিশপ্ত’ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে । কিন্তু আর মেয়ের সঙ্গে দেখা হল না। মেয়ের জন্মদিনও উদযাপন করা হল না। নিউ জলপাইগুড়ি ছেড়ে আসার পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল কলকাতার শুভজিৎ মালির ।

তাঁর নিষ্প্রাণ দেহ পড়ে রইল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মর্গে । বালিগঞ্জের ১৭, জামির লেনের বাড়িতে এখন শুধুই কান্নার রোল আর স্বজন হারানোর যন্ত্রণা । পরিবার সূত্রে জানা যায়, শুভজিৎ মালিকে কাজের সূত্রে প্রায়শই ভিন রাজ্যে যেতে হয় । সম্প্রতি তিনি গিয়েছিলেন নাগাল্যান্ডে । গিয়েছিলেন চার চাকার গাড়ি চালিয়ে । সেখানে গাড়ি সাপ্লাই দিয়ে ফিরছিলেন কলকাতায় । এই কাজ তিনি গত প্রায় ৫ বছর ধরে করে আসছেন । প্রায়ই গাড়ি নিয়ে ভিনরাজ্যে যান, সাপ্লাই দিয়ে আবার ফিরে আসেন ।

কিন্তু এবার মেয়ের আবদার মেটাতে দ্রুত বাড়ি ফেরার জন্য ট্রেনে চেপেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। শুভজিতের মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকেই বালিগঞ্জের ১৭, জামির লেনের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া । শুভজিৎবাবুর পরিবারে রয়েছেন বাবা, মা, স্ত্রী এবং মেয়ে সৃষ্টি ও দেড় বছরের ছেলে শিবম । মুরলীধর গার্লস স্কুলের ক্লাস ফাইভের ছাত্রী সৃষ্টির এদিন ছিল ১১তম জন্মদিন । তাই বাবাকে সে বলেছিল ‘তোমাকে কিন্তু আসতেই হবে’। জন্মদিন পালনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল ওই বাড়িতে । কিন্তু কোথায় কী!

এখন মালি পরিবারে শুধুই বুকফাটা আর্তনাদ । গাড়ির ডেলিভারির কাজ করা শুভজিৎবাবু শুক্রবার গিয়েছিলেন শিলিগুড়িতে । কয়েকদিন পরে ফেরার কথা থাকলেও সোমবারই রওনা দেন । শুভজিতের সঙ্গে রবিবার রাতে শেষ কথা হয়েছিল তাঁর স্ত্রী মিঠু মালির । স্ত্রীকে তিনি বলেছিলেন, বাড়ি ফিরে সবাইকে ঘুরতে নিয়ে যাবেন । এরই মধ্যে আসে এই দুঃসংবাদ । যে বাড়িতে আনন্দ উৎসবের তোড়জোড় চলছিল, সেই বাড়িতে হঠাৎ করে নেমে এসেছে অন্ধকার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube