ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছে বিজেপির কেন্দ্রীয় দল। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আক্রান্ত ‘ঘরছারা’ বিজেপির কর্মীদের অভিযোগ শুনছেন তারা। কিন্তু মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে গিয়ে দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হল তাঁদের। বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির উপরে ক্ষোভ উগরে দিলেন বিক্ষোভকারীরা।
জানা গিয়েছে, মঙ্গলবার ডায়মন্ড হারবারের আমতলায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের গাড়ি আটকে দেয় বিজেপির কর্মী-সমর্থকরা। বিক্ষোভ দেখাতে শুরু করে। বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। প্রসঙ্গত, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেও ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে। ‘আক্রান্ত’ বিজেপি কর্মীরা আশ্রয় নিয়েছেন পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে খবর।
সূত্রে খবর, এদিন আমতলা এলাকায় হাত দেখিয়ে বিপ্লবদের গাড়ি থামান বিজেপির কর্মী-সমর্থকরা। তাঁদের মধ্যে উপস্থিত মহিলারা কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের গাড়ি থেকে নেমে আসতে অনুরোধ করেন। অভিজিৎ সর্দারের বিরুদ্ধে তাঁদের অভিযোগ, ফলপ্রকাশের দিন অর্থাৎ ৪ জুন আক্রান্ত দলীয় কর্মীদের খোঁজ নেননি। এমনকি তাঁর বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে চলার অভিযোগও করেছেন বিক্ষোভকারীরা।
লোকসভা নির্বাচন মিটতেই বাংলায় ফের ভোট পরবর্তী হিংসার অভিযোগ তোলে বিজেপি। বহু বিজেপি কর্মী ঘরছাড়া, আহত হয়েছেন অনেকে। এই পরিস্থিতিতে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা একটি কেন্দ্রীয় কমিটি তৈরি করেন। বিপ্লব দেবের নেতৃত্বে এই দলে রয়েছেন রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল ও কবিতা পাটিদার। পরিস্থিতি খতিয়ে দেখে পদ্মের রাজ্য নেতৃত্বের সঙ্গেও বৈঠক হবে বলে জানা গিয়েছে। এরপর কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট জমা দেবে প্রতিনিধি দল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

