রায়বরেলিতেই থাকছেন রাহুল, ওয়েনাড়ের দায়িত্ব দিলেন প্রিয়াঙ্কার কাঁধে

জল্পনা অবসান! রায়বরেলিতে থাকছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ছেড়ে দিচ্ছেন ওয়েনাড়। সেই আসনে প্রার্থী হবেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার কংগ্রেসের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে খবর। অবশেষে নির্বাচনে প্রার্থী হচ্ছেন সনিয়া কন্যা!

জানা গিয়েছে, সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে একটি বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রায়বরেলি কেন্দ্রের সাংসদ থাকবেন রাহুল গান্ধী। তাঁর ছেড়ে দেওয়া ওয়েনাড় আসনে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী। এদিন সাংবাদিক বৈঠক করে কংগ্রেস সাংসদ বলেন, ‘আমার জন্য এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। ওয়েনাড়ের মানুষ আমার পাশে থেকেছেন। আমি ওয়েনাড় ছাড়ছি। ওয়েনাড় থেকে লড়বেন প্রিয়াঙ্কা।’ দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত থাকলেও প্রথমবার সরাসরি নির্বাচনী ময়দানে নামছেন প্রিয়াঙ্কা গান্ধী।

২০১৯ সালে উত্তরপ্রদেশের আমেঠি ও কেরলের ওয়েনাড় থেকে প্রার্থী হয়েছিলেন রাহুল গান্ধী। আমেঠিতে হেরে গেলেও মানরক্ষা করেছিল ওয়েনাড়। ২০২৪-এ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা না করার সিদ্ধান্ত ঘোষণা করেন সনিয়া গান্ধী। তাঁর আসন রায়বরেলিতে প্রার্থী করেন পুত্র রাহুলকে। মায়ের রেকর্ড ভেঙে বড় ব্যবধানে জয়লাভ করেছেন তিনি। অন্যদিকে ওয়েনাড় এবারেও তাঁর উপরেই ভরসা রাখে। তবে প্রশ্ন ওঠে, কোন আসন ছেড়ে দেবেন রাহুল! আগেই শোনা যাচ্ছিল, রায়বরেলি গান্ধী পরিবারের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি, তাই এই কেন্দ্রের সাংসদ হয়ে থাকতে চান প্রাক্তন কংগ্রেস সভাপতি। রাহুল নিজে জানিয়েছিলেন, এই সিদ্ধান্ত নেওয়া তাঁর পক্ষে কঠিন কিন্তু যে সিদ্ধান্ত নেবেন সকলের কথা ভেবেই ঠিক করবেন।’ অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রায়বরেলিকেই বেছে নিলেন রাহুল।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube