বাংলার চার কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। তারপরই প্রকাশ করা হল তারকা প্রচারকের তালিকা। সেখানে জায়গা পেয়েছেন লোকসভা নির্বাচনে পরাজিত একাধিক দলীয় প্রার্থীরা। তালিকায় রয়েছে মোট চল্লিশ জনের নাম। উপনির্বাচনে ভালো ফল করতে মরিয়া। নাম ঘোষণার পরই ময়দানে নেমে পড়েছে পদ্ম শিবির, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
লোকসভা নির্বাচনের প্রচারে বাংলায় দফায় দফায় প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। কিন্তু বাংলায় কার্যত ভরাডুবি হয়েছে বিজেপির। মোদী-শাহের ৩৫ টার্গেট পূরণ তো দূরের ১২ আসনেই দৌড় থেমেছে। হারের কারণ বিশ্লেষণ করতে বঙ্গ বিজেপির নেতৃত্বদের ডাক পড়েছিল দিল্লিতে। এবার বাংলায় চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। সোমবার প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি। এরপরই প্রকাশ্যে এল তারকা প্রচারক তালিকা। তাপস রায়, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষের মত পরাজিত প্রার্থীদের নাম রয়েছে তারকা প্রচারকের তালিকায়। এছাড়া বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামও রয়েছে।
কয়েকদিন আগেই দলীয় বৈঠকের পর প্রতি কেন্দ্রে তিনজন করে মোট ১২ জনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে দিল্লিতে পাঠানো হয়েছিল। সেখান থেকেই চারজনের নাম চূড়ান্ত করা হয়েছে বলে খবর। ২০২১-এর পর ২৪-এর উপনির্বাচনে মানিকতলায় ফের প্রার্থী করা হয়েছে কল্যাণ চৌবেকে। বাগদায় বিনয়কুমার বিশ্বাস, রানাঘাট দক্ষিণে মনোজকুমার বিশ্বাস এবং রায়গঞ্জে মানসকুমার বিশ্বাসকে প্রার্থী করেছে বিজেপি।
গত বিধানসভা নির্বাচনে বাগদা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণে জয়লাভ করেছিল বিজেপি। কিন্তু পরবর্তী সময়ে তিন বিধায়কই তৃণমূলে যোগ দেন। গত লোকসভা নির্বাচনে প্রার্থী হতে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন কৃষ্ণ কল্যাণী (রায়গঞ্জ), মুকুটমণি অধিকারী (রানাঘাট দক্ষিণ) ও বিশ্বজিৎ দাস (বাগদা)। যদিও হারের মুখ দেখতে হয়েছে তাঁদের। অন্যদিকে, সাধন পাণ্ডের প্রয়াণে খালি হয়েছে মানিকতলার আসন। এই চার কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১০ জুলাই। ১৩ জুলাই হবে উপনির্বাচনের ফলপ্রকাশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

