উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির সংঘাতের জেরে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। আশঙ্কা সত্যি করে ক্রমাগত বেড়ে চলেছে মৃতের সংখ্যা। আহতের সংখ্যা বহু। এদিন বিকেলেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারের অব্যবস্থাপনাকেই কাঠগড়ায় তোলেন তিনি। বাংলার মুখ্যমন্ত্রীর মন্তব্যের কী জবাব দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব?
সোমবার সকাল পৌনে ন’টা নাগাদ রাঙাপানি এলাকায় শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি। এক্সপ্রেসের একটি কামরা উঠে যায় মালগাড়ির উপরে। আরও দুটি কামরা লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়। সূত্রে খবর, মালগাড়ির চালক, সহচালক, এক রেলকর্মী সহ ৯ জনের মৃত্যুর খবর সামনে আসছে। উত্তরবঙ্গে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ‘আগে রেলের একটা শ্রী ছিল, এখন রেল কার্যত অনাথ হয়ে গিয়েছে। শিয়ালদহে যাত্রীদের প্রায়ই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।…’
এদিন দুপুরেই বিকেলেই ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। জানান, ‘রেলওয়ে, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জেলা প্রশাসন একসঙ্গে কাজ করছে।‘ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে তিনি বলেন, ‘এখন রাজনীতির সময় নয়, উদ্ধারকার্যে নজর দিতে হবে।‘
উল্লেখ্য, কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রেল দুর্ঘটনার জন্য মোদী সরকারের দিকেই আঙুল তুলেছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে রাহুল লিখেছেন, ‘গত ১০ বছরে রেল দুর্ঘটনার বৃদ্ধি মোদী সরকারের অব্যবস্থাপনা এবং অবহেলা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে। এরফলে সাধারণ যাত্রীদের প্রাণ ও পণ্যের ক্ষতি হচ্ছে। কংগ্রেস নেতা আরও লেখেন, ‘আজকের দুর্ঘটনা সরকারের বাস্তব চিত্রের আরও একটি উদাহরণ। দায়িত্ববান বিরোধী হিসেবে আমরা এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলব এবং মোদী সরকারের কাছে জবাব চাইব।‘
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

