রাজ্যের চার বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির, মানিকতলায় লড়বেন কল্যাণ চৌবেই

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সানন্দা বসু ।।

রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি । সোমবার বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কলকাতার মানিকতলায় লড়বেন প্রাক্তন ফুটবলার তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ।

এই বিষয়ে জানা যায়, মতুয়া অধ্যুষিত উত্তর ২৪ পরগনার বাগদায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বিনয় বিশ্বাস । মতুয়াদের আধিক্য থাকা নদিয়ার রানাঘাট দক্ষিণ আসনে পদ্মশিবির প্রার্থী করেছে মনোজকুমার বিশ্বাসকে । উত্তরবঙ্গের রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছে মানসকুমার ঘোষকে ।

২০২১ সালের বিধানসভা ভোটে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী । পরে তাঁরা তৃণমূলে যোগ দেন । লোকসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জ কেন্দ্রে এবং মুকুটমণিকে রানাঘাট কেন্দ্রে প্রার্থী করে রাজ্যের শাসকদল । দু’জনেই বিধায়ক পদে ইস্তফা দেন । ফলে এই দুই কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে ।

যদিও লোকসভা নির্বাচনে জিততে পারেননি দু’জনের কেউই । তবে লোকসভা ভোটে জিততে না পারলেও ‘দলবদলু’ দুই নেতার উপরেই বিধানসভা উপনির্বাচনে ভরসা রেখেছে তৃণমূল । ছেড়ে দেওয়া আসনে ফের প্রার্থী করা হয়েছে কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণিকে । গত বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস । পরে তিনিও দলবদল করে তৃণমূলে যোগ দেন । লোকসভা নির্বাচনে তাঁকে বনগাঁ কেন্দ্রে প্রার্থী করেছিল রাজ্যের শাসকদল । কিন্তু বিজেপির শান্তনু ঠাকুরের কাছে হেরে যান তিনি ।

বিশ্বজিৎ বিধায়ক পদে ইস্তফা দেওয়ায় বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে । সেখানে অবশ্য বিশ্বজিৎ নন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর প্রার্থী হয়েছেন । ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কলকাতার মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা, অধুনাপ্রয়াত সাধন পাণ্ডে । রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন । কিন্তু তার পর দীর্ঘ দিন মানিকতলা বিধায়কহীন থাকলেও সেখানে উপনির্বাচন হয়নি । কারণ, গত বিধানসভায় এই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাই কোর্টে ‘ইলেকশন পিটিশন’ দাখিল করেছিলেন । সম্প্রতি সেই আইনি জটিলতা কেটে যায় । কল্যাণকেই মানিকতলায় প্রার্থী করেছে পদ্মশিবির । তৃণমূল প্রার্থী করেছে প্রয়াত সাধনের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube