লোকসভা নির্বাচন মিটতেই বাংলায় চার কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী মাসেই ফের ভোট রাজ্যে। চলছে প্রার্থী বাছাই। শাসক দল তৃণমূল ও বামেদের তরফে প্রার্থী ঘোষণা করা হয়ে গিয়েছে। এবার চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য ১২ জন প্রার্থীর নাম পাঠানো হল দিল্লিতে। তাঁদের মধ্যে থেকেই চারজনকে চূড়ান্ত করা হবে বলে খবর।
গতকাল অর্থাৎ শনিবার ভোট বিপর্যয়ের পর প্রথমবার বৈঠক করে রাজ্য বিজেপির কোর কমিটি। কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, রাজ্য বিজেপির প্রাক্তন ও বর্তমান সভাপতি দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়রা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে ভোটের রেজাল্ট নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই খবর। তবে চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রতি কেন্দ্র থেকে সম্ভাব্য ৩ জন প্রার্থী অর্থাৎ মোট ১২জনের নাম দিল্লিতে পাঠানো হয়েছে বলে খবর।
লোকসভা নির্বাচনে কার্যত ধরাশায়ী হয়েছে বিজেপি। বাংলায় এসে দফায় দফায় প্রচার করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। তবুও মোদী-শাহের ৩৫ আসনের টার্গেট তো দূরে ১৫ টি কেন্দ্রেও জিততে পারেনি পদ্ম শিবির। নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়ের মত প্রার্থীদের হারের মুখ দেখতে হয়েছে। পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল বঙ্গ বিজেপির নেতৃত্বদের। এবার উপনির্বাচনে চার কেন্দ্রে পদ্মফুল ফোটাতে এবার মরিয়া বিজেপি। সেই লক্ষ্যে ফের একবার ময়দানে নেমে পড়েছে তাঁরা।
আগামী ১০ জুলাই মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদায় বিধানসভা উপনির্বাচন রয়েছে। ২০২১ সালে তিনটি আসনেই (রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা) জয় পেয়েছিল বিজেপি। তবে এই তিন কেন্দ্রের বিধায়করা দল পরিবর্তন করে তৃণমূল যোগ দেয়। লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। যদিও পরাজিত হয়েছেন তাঁরা। অন্যদিকে, মানিকতলায় জিতেছিলেন তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে। ২০২২ সালে প্রয়াত হন তিনি। আইনি জটিলতার কাটিয়ে দু’বছর পর অবশেষে এই কেন্দ্রে উপনির্বাচন হবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

