।। অর্পিতা দাশগুপ্ত ।।
সপ্তাহের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা উত্তরবঙ্গে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে মালগাড়ির ধাক্কা। দুর্ঘটনায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। আহত বহু। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

জানা গিয়েছে, সোমবার সকাল পৌনে ন’টা নাগাদ উত্তরবঙ্গের রাঙাপানি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে কিছুটা এগিয়েছিল। সেইসময়েই উল্টো দিক থেকে আসা মালগাড়ি ধাক্কা মারে। সংঘাতের জোরে এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইন থেকে ছিটকে যায়। দুমড়ে মুচড়ে গিয়েছে দুটি বগি। রেল সূত্রে খবর, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। রেলের আধিকারিক, আরপিএফ, জিআরপিএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারকার্য অনেকটাই এগিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে নিজের এক্স হ্যান্ডেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কথা জেনে উদ্বিগ্ন। উদ্ধার, পুনরুদ্ধার, চিকিৎসা সহায়তার জন্য ডিএম, এসপি, চিকিত্সক, অ্যাম্বুলেন্স এবং বিপর্যয় দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতা।‘ এরপরই জানা গিয়েছে, তিনি নিজেই ঘটনাস্থলে যাচ্ছেন। পাশাপাশি আরও জানা গিয়েছে, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনাস্থলে আসবেন।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই ঘটনা ফিরিয়ে আনল করমণ্ডল স্মৃতি। ২০২৩ সালের ২ জুন ওড়িশার বালেশ্বরে দুটি এক্সপ্রেস ট্রেন ও মালগাড়ির সংঘাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। মৃত্যু হয়েছিল প্রায় ৩০০ জনের। এদিনের দুর্ঘটনার কারণ কী? রেল সূত্রে খবর, মালগাড়ির চালক সিগন্যাল ভেঙে ভুল লাইনে ঢুকে পড়ে। যদিও এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। শুরু হয়েছে তদন্ত। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় প্রধানমন্ত্রী তহবিলের তরফে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা হয়েছে। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

