করমন্ডল দুর্ঘটনার স্মৃতি উস্কে ফের ট্রেন দুর্ঘটনা ঘটল উত্তরবঙ্গে ।একই লাইনে চলে আসে দু’টি ট্রেন । কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারল মাল গাড়ি । ধাক্কার অভিঘাতে উল্টে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দু’টি কামরা । সোমবার ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ির রাঙাপানি স্টেশনে । ঘটনায় মৃত্যু হয় ৫ জন যাত্রীর, আহত হয়েছেন আরও একাধিক মানুষ ।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আগরতলা থেকে ডাউন ট্রেনটি শিয়ালদহের দিকে আসার সময় এনজেপি স্টেশনের প্রায় তিরিশ কিলোমিটার আগে রাঙাপানি স্টেশনের পেরনোর পর সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে ছিল ৷ সকাল পৌনে ৯টা নাগাদ পিছন থেকে একটি মালগাড়ি এসে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে ৷ জানা গিয়েছে, রাঙাপানি স্টেশন পেরিয়ে নীচবাড়ি এবং চটেরহাটের মাঝখানে ফাঁকা জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে ৷
এদিন মালগাড়িটি এত তীব্র গতিতে ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দিকের দু’টি কামরা ছিটকে গিয়ে রেল লাইনের পাশে পড়ে ৷ দুমড়ে মুচড়ে যায় দু’টি কামরাই ৷ ফলে কামরার ভিতরে কোনও যাত্রী আটকে আছেন কি না, তা স্পষ্ট করে জানা যায়নি ৷ আতঙ্কে অন্যান্য কামরার যাত্রীরাও রেল লাইনের উপরে নেমে পড়েন ৷
প্রাথমিক ভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান এদিন ৷ খবর পেয়ে এনজেপি থেকে রিলিফ ট্রেন পাঠায় রেল ৷ ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল এবং পুলিশ ৷ এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতগামী রেল যোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে ৷ তবে কীভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনেই মালগাড়ি চলে এল, তা নিয়ে প্রশ্ন থাকছেই ৷
সোমবারের এই ভয়াবহ দুর্ঘটনায় রেল কর্তৃপক্ষের দাবি, মালগাড়িটি সিগন্যাল ভেঙে দ্রুত গতিতে গিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে । যে দুটি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি পার্সেল ভ্যান ও গার্ড কোচ ছিল । ইন্ডিয়ার এনডিআরএফ টিম এবং ১৫ টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে । কাটিহার এবং আলিপুরদুয়ারের ডিআরএম-রা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা দিয়েছেন । একই সঙ্গে গোটা ঘটনার উপর নজরদারি চালাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

