।। অদিতি হীরা ।।
বড় পর্দায় আসছে জিগরা। ভাসন বালা পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে বলিউডের ‘ভার্সেটাইল অ্যাক্টর’ আলিয়া ভাটকে। কখনও গাঙ্গুবাইয়ের চরিত্রে, কখনওবা ‘গাল্লি বয়’-এর সাফিনার ভূমিকায়, আবার কখনও ‘রাজি’-র শেহমাত খান হোক বা ‘ডিয়ার জিন্দেগী’-র কায়রার চরিত্রে বার বার দর্শকদের মন জয় করেছেন তিনি। এছাড়াও হাইওয়ে, উড়তা পাঞ্জাব, টু স্টেটস্, ডার্লিংস-এর মতো ব্যাক টু ব্যাক সফল ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে বলিউডে নিজের জায়গা শক্ত করেছেন আলিয়া।

গত বছর রণবীর সিং-এর বিপরীতে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে দেখা গিয়েছিল আলিয়াকে। চলতি বছরে দর্শকদের জন্য ‘জিগরা’ নিয়ে আসছেন তিনি। এই ছবিতে দ্বৈত ভূমিকা রণবীর ঘরনীর। না, ছবিতে ডবল রোল নয় তাঁর। একদিকে যেমন ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে, অন্যদিকে সহ-প্রযোজকের আসনে রয়েছেন তিনি। এর আগে ডার্লিংস ছবির হাত ধরেই প্রযোজক হিসেবে খাতা খুলে ফেলেছেন মহেশ কন্যা। এই ছবিতে আলিয়ার পাশাপাশি দেখা যাবে ‘দ্য আর্চিস’ খ্যাত অভিনেতা বেদাং রায়নাকে। তবে কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে তা এখনও স্পষ্ট নয়।

বলি পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে ভাই-বোনের ভূমিকায় অভিনয় করছেন বেদাং-আলিয়া। প্রথমে ২৭ সেপ্টেম্বরে ছবির মুক্তির তারিখ ঠিক হলেও, তা পিছিয়ে ১১ অক্টোবর তারিখে চূড়ান্ত করা হয়। ২৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে জুনিয়ার এনটিয়ারের ‘দেবারা’। বক্স অফিসে সংঘর্ষ এড়াতেই কি এমন সিদ্ধান্ত নিলেন ‘জিগরা’ ছবির নির্মতারা?

ক্রাইম থ্রিলার মার্দ কো দার্দ নোই হোতা ছবির জন্য সকলের কাছে পরিচিত ভাসন বালা। ‘জিগরা’ ছবি বক্স অফিসে কতখানি সাড়া ফেলতে পারবে সেটাই এখন দেখার অপেক্ষা। এই ছবির পাশাপাশি ‘লাভ অ্যান্ড ওয়ার ছবি’র অপেক্ষায় রয়েছেন আলিয়া ভক্তরা। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়ারি’র পর ফের সঞ্জয়লীলা বনশালির ছবিতে দেখা যাবে তাঁকে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

