।। মধুরিমা ভৌমিক ।।
দিঘা-পুরী সকলেই একাধিকবার গিয়েছেন। তাই অনেকের কাছেই এই দুই ঠিকানা একঘেয়ে হয়ে গিয়েছে। নতুন কোনও জায়গার খোঁজ করছেন তাহলে আপনি যদি সমুদ্র প্রেমী হন তাহলে একবার ঘুরে আসুন ওড়িশার অচেনা বিচে। ঝাউবনের ছোট্ট টেন্টে রাত কাটবে অসাধারণ। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন, তাহলে খুব সহজেই বেড়িয়ে আসতে পারেন ওড়িশার এই সুন্দর সৈকত থেকে।
বাঙালি মানেই ‘দীপুদা’। অর্থাত্ বাঙালির ভ্রমণ মানেই সেই চিরপরিচিত দিঘা-পুরী-দার্জিলিং। এই অপবাদ অবশ্য অনেকদিন আগেই কাটিয়ে উঠেছে বাঙালি। অজানাকে জানার আর অদেখাকে দেখার বাসনা ক্রমশ প্রবল হচ্ছে বাঙালিদের মধ্যে। তাইতো রোজকার ব্যস্ত সময়ের মধ্যেও অনেকেই বেরিয়ে পড়েন অজানার উদ্দেশ্যে। আজ সেই সব অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য রইল তেমনই কিছু সমুদ্র সকৈতের সন্ধান। পর্যটকরা বলেন, এই স্থানগুলো স্বর্গের চেয়ে কম কিছু নয়! চলুন দেখে নেওয়া যাক এমন কিছু সমুদ্র সৈকতের কথা।

বাদগা সি বিচ
ওড়িশার বালাসোরের কাছে অবস্থিত এই বাগদা সি-বিচ। প্রায় নির্জন একটা বিচ বললেই চলে এটিকে। তবে বিলাসবহুল হোটেলে থাকার ইচ্ছে থাকলে তা পূরণ হবে না, এখানে রয়েছে ছোট্ট টেন্টের ব্যবস্থা। সি বিচের ধারের ঝাউ গাছের জঙ্গলে মিলবে বনফায়ারের সুযোগ। এখানকার সবচেয়ে সেরা মুহূর্ত হল সূর্যাস্ত চাক্ষুষ করা। সমুদ্র সৈকতটি নির্জন হওয়ায় মনের মানুষের সঙ্গে একদম অন্যরকম একটা অভিজ্ঞতা যে হবে সে কথা বলা যেতেই পারে।

আস্তারাঙ্গা সমুদ্র সৈকত
শান্ত নিরিবিল সৈকতের খোঁজ করলে শহরের কোলাহল এড়িয়ে যেতে পারেন ওড়িশার আস্তারাঙ্গা সমুদ্র সৈকতে। আস্তারাঙ্গা শব্দের অর্থ রঙিন সূর্যাস্ত। উজ্জ্বল আকাশ আর সামনে নীল জল- পুরো সৈকত জুড়ে একটা মায়াবী সৌন্দর্য প্রদান করে। আর ভাগ্য ভালো থাকলে দেখা মিলবে বিরল প্রজাতির অলিভ রিডলি কচ্ছপের। এখানে নানা প্রজাতির মাছ দেখতে পাওয়া যায়।

রামচণ্ডী সৈকত
কুশভদ্রা নদী আর বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে রয়েছে রামচণ্ডী সৈকত। এখনও পর্যন্ত তেমন জনপ্রিয়তা পায়নি এই সৈকতটি। তাই খুব বেশি ভিড় চোখে পড়ে না। সোনালি বালি আর নীল জলের যুগলবন্দি দেখা যাবে এখানকার সাগরতটে। আকাশপথে যেতে চাইলে যেতে হবে ভুবনেশ্বর বিমানবন্দরে। আর ট্রেনে করে যেতে হলে নামতে হবে পুরীতে।
বালিঘাই

এবার উইকেন্ডে ঘুরে আসুন ওড়িশার অভূতপূর্ব সমুদ্র সৈকত বলিঘাইতে। চারিপাশে জল এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত এই জায়গাটি। এক কথায় রোম্যান্টিক অবকাশের মাঝে সুন্দর গন্তব্য হতে পারে বালিঘাই। আর সৈকতের বালি থেকে ঝিনুক খোঁজার নেশা থাকলে এর থেকে ভালো সৈকত হয়তো পাবেন না। পুরী থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত বালিঘাই।
তাই এবার ছুটি কাটাতে প্রিয়জন কিংবা পরিবারের সাথে চেনা-একঘেয়ে ঠিকানা ছাড়িয়ে ঘুরে আসুন অচেনা সৈকতে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

