।। স্নেহা চক্রবর্তী ।।
কথা বলতে গেলেই আপনার সামনে থেকে সরে যাচ্ছেন সকলে? এর কারণ হতে পারে আপনার মুখের দুর্গন্ধ। সাধারণত দাঁত , দাঁতের মাড়ি, জ্বিভের নানারকম সংক্রমণের কারণ এই সমস্যা দেখা যায়। এছাড়াও শরীরে কিছু রোগ বাসা বাঁধলেও মুখে দুর্গন্ধ হয়। মুখের দুর্গন্ধ নিজের জন্য যেমন ক্ষতিকর, তেমনই সামনের মানুষটির ক্ষেত্রেও খুবই অস্বস্তিজনক। আপনি যখন সামনের মানুষটির সঙ্গে কথা বলছেন, তখন তিনি নাকে যদি হাত দেন তাহলে সেটা আপনার কাছে অসম্মান ছাড়া আর কিছুই নয়।
মুখে দুর্গন্ধ হওয়ার কারণ কী? এই গুরুতর সমস্যার হাত থেকে মুক্তি পাবেন কিভাবে? জেনে নিন-
মুখের দুর্গন্ধের কারণ:
মুখের দুর্গন্ধ নানা কারণে হতে পারে। তবে প্রধান কারণ হল ব্যাকটেরিয়া। মুখে প্রায় ১৭০ ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে। এর মূল কারণ হল, মুখে খাবারের টুকরো আটকে যায়। এরপর সেই টুকরোর উপর ব্যাকটেরিয়া বাড়ে। তারপর তৈরি হয় দুর্গন্ধ। তবে নিয়মিত খারাপ গন্ধ বের হলে আরও গভীর সমস্যা থাকতে পারে। চিকিৎসকরা বলে থাকেন যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের কারণেও হতে পারে মুখে দুর্গন্ধ। সেক্ষেত্রে টনসিলাইটিসের সমস্যা থাকতে পারে। তবে এসব ছাড়াও মদ্যপান করলে, রসুন খেলে মুখের গন্ধ খারাপ হয়ে যায়।
শরীরে কোন কোন রোগ বাসা বাঁধলে মুখে দুর্গন্ধ হতে পারে? প্রথমেই শ্বাসতন্ত্রের সংক্রমণ হলে মুখে দুর্গন্ধের প্রবণতা বাড়ে। পাশাপাশি সাইনাসে দীর্ঘমেয়াদি সংক্রমণের কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। গলার পেছনের অংশে কফ জমে গেলেও এই সমস্যা হয়। বদহজম ও পেটের সমস্যা থেকেও মুখে দুর্গন্ধ হতে পারে কিংবা ডায়াবিটিসের সমস্যা জোরালো হলে এই সমস্যা দেখা যায়। লিভার বা কিডনির কিছু রোগের জন্যও হয় এই সমস্যা।
তাই মুখে দুর্গন্ধ থাকলে অবশ্যই ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। নাহলে শরীরে আরো বড় আকারে বাসা বাঁধতে পারে বড় কোনও রোগ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

