।। মধুরিমা ভৌমিক ।।
ঘরের সৌন্দর্য্য বাড়ানোর জন্য টেবিল সুন্দর ভাবে সাজিয়ে রাখা আবশ্যক । আর পড়ার টেবিল বা টি-টেবিল সাজিয়ে রাখতে টেবিল ক্লথ দিয়েও ঢেকে রাখেন অনেকেই । তবে এবার এই টেবিল ক্লথেই হোক অন্দরসজ্জা । নতুনত্ব রাখতে ছোট ছোট বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে । জানালার পর্দা থেকে শুরু করে টেবিল ম্যাট, এমনকী টেবিল ক্লথও হয়ে উঠতে পারে নজরকাড়া ।
আপনার ঘরের টেবিল ক্লথে যদি বিশেষ কারুকার্য করা থাকে, তাহলে সব রেডি । সেটিই আপনার বসার ঘরের কিংবা স্টাডির প্রধান আকর্ষণ হয়ে উঠতে পারে । ভরসা রাখুন হ্যান্ডক্রাফ্টে । পুরনো শাড়ি থেকে বা এক টুকরো চৌকৌ ফ্যাব্রিক দিয়ে বানিয়ে ফেলুন আপনার পছন্দের টেবিল ক্লথ । কী ভাবে বানাবেন? জেনে নিন ।

১. হ্যান্ডক্রাফ্টের নতুনত্বে
আপনার টেবিলের মাপের একটি চৌকো সাদা কাপড় নিন । এই ফ্যাব্রিক সুতির হলেই বেশি ভালো । তারপরে এটির চারটি কোণ সেলাই করে আলাদা করে রাখুন । এবার চার পাঁচ রকমের রঙিন উল সংগ্রহে রাখুন। সেগুলি থেকে বিভিন্ন রঙের পমপম বানান। টেবিল ক্লথের বর্ডারে এই পমপমগুলি সেলাই করুন। দুর্দান্ত একটি টেবিল ক্লথ তৈরি হয়ে যাবে।
২. লেসের সৌন্দর্যে
আপনি কি পড়ার টেবিলে অভিনবত্ব রাখতে চান? তাহলে লেসের কারুকার্যে সাজিয়ে তুলুন টেবিল ক্লথ। এক্ষেত্রে টেবিলের মাপের একটি হালকা গোলাপি রঙের সুতির কাপড় নিয়ে তার চার পাশে সরু সাদা লেস বসালে অপূর্বে দেখতে লাগার পাশাপাশি থাকবে অভিনবত্ব।

৩. এমব্রয়ডারির সূক্ষ্ম কাজে
আমাদের মা ঠাকুমারা অবসরে টেবিল ক্লথে মনের মতো এমব্রয়ডারি করতেন । এবার সেই কারুকার্যকেই ফিরে দেখুন । টেবিলের মাপের একটি মোটা সুতির কাপড় নিন । তারপরে তাতে রঙিন সুতো দিয়ে অপূর্ব এমব্রয়ডারি করুন । ফুল-পাতায় সাজিয়ে তুলুন টেবিল ক্লথ ।
৪. জরির কাজে নজর
আপনি টি টেবিলে একটু অন্যরকম ডিজাইন চাইলে টেবিল ক্লথ পেতে রাখতে পারেন । তাতে সৌন্দর্য বাড়বে এমনকী অন্দরের শোভাও পৌঁছাবে অন্য মাত্রায় । এক্ষেত্রে ভরসা রাখতে পারেন জরির কারুকার্যে । তামাটে কিংবা রুপোলি জরি দিয়ে সুন্দর এমব্রয়ডারি টেবিল ক্লথটিকে আরও আকর্ষণীয় করে তুলবে।

৫. পুরনো শাড়িতে নতুনের ছোঁয়া
আপনার বাড়িতে নিশ্চয়ই এমন কিছু শাড়ি রয়েছে, যেগুলি আর পরেন না । আবার সেগুলি ফেলে দিতেও পারেন না । তাহলে সেই ধরনের শাড়ি থেকে বানিয়ে ফেলুন মনের মতো টেবিল ক্লথ । শাড়ির আঁচলের অংশটি কেটে নিয়ে চারপাশে সেলাই করে নিন । তার উপরে হালকা রঙের ফ্যাব্রিকের থ্রিডি ফুল লাগান । তাহলে টেবিল ক্লথটি দেখে চোখ ফেরানো যাবে না।
এবার আর খরচ নয়। কম খরচেই সেরে ফেলুন অন্দরসজ্জা। অভিনবত্ব ও সৌন্দর্য্য বজায় থাকবে উভয়ই। ঘর সাজানো থাকলে চোখ ধাঁধিয়ে যাবে অতিথিদেরও। প্রশংসা পাবেন আপনি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

