।। সুস্মিতা সিং ।।
বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আডবাণী। একের পর ছবিতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে মন জয় করে চলেছেন সকলের। যার রূপে ও মুগ্ধ গোটা দেশ। বলিউড থেকে শুরু করে দক্ষিণী সিনেমাতেও দাপিয়ে কাজ করে চলেছেন। আর এভাবেই পায়ে পায়ে বলিউডে পার করে ফেললেন ১০ টা বছর।

ফেলে আসা ১০ বছরের উদযাপনে কোনো ত্রুটি রাখেননি বলিউডের গ্লাম গার্ল। তাঁর বন্ধু, অনুরাগী, সহকর্মীদের সঙ্গে ১০ বছর পূর্তি উদযাপনে আবেগঘন কিয়ারা, কখনও তাঁর মুখে হাসি কখনও বা চোখে জল। সোশ্যাল মিডিয়ায় সেই মিষ্টি মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর জন্য আনা হয়েছিল বেশ কয়েকটি কেক। কোনও কেকে লেখা শুভেচ্ছাবার্তা, আবার কোনও কেক তৈরি কিয়ারার অভিনীত বিভিন্ন ছবির পোস্টার দিয়ে। প্রত্যেকটি কেকই সমান আনন্দের সঙ্গে কাটেন কিয়ারা। আনা হয়েছিল একটি বিশাল বড় ফুলের তোড়া। সেখানে ঝুলছিল কিয়ারার বিভিন্ন ছবি।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে কিয়ারা লেখেন, ‘১০ বছর! কিন্তু মনে হচ্ছে যেন গতকালের কথা। আমি এখনও সেই মেয়েটি যে নিজের পরিবারের জন্য পারফর্ম করে খুশি হয়। পার্থক্য কেবল একটাই, এখন আমার পরিবারটা আরও বড় হয়েছে। সবার ভালবাসা, আশীর্বাদ, স্মৃতি, স্বপ্ন, হাসি, কান্না, শিক্ষা… সবকিছুর জন্য ধন্যবাদ। যে যে চরিত্রে আমি অভিনয় করেছি, তারা আমায় অনেক কিছু শিখিয়েছে। এভাবেই ভালবাসুন। পাশে থাকুন।’

২০১৪ সালে বলিউডে অভিষেক কিয়ারার। এরপর ‘এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি, কবীর সিং, শেরশাহ-এর মত জনপ্রিয় ও বক্স অফিসে সফল ছবিতে অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে তাঁর হাতে একাধিক ছবির কাজ রয়েছে। পেরিয়ে আসা ১০ বছরে অনেক ভালো কাজ দর্শকদের উপহার দিয়েছেন কিয়ারা। আগামীতেও আরও ভালো কাজ করুক অভিনেত্রী সেই প্রার্থনাই করছেন অনুরাগীরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

