লোকসভা নির্বাচন মিটতেই বাংলায় ফের ভোট পরবর্তী হিংসার অভিযোগ বিজেপির। একের পর এক ঘটনায় উত্তপ্ত রাজ্য। বহু বিজেপি কর্মী ঘরছাড়া, আহত হয়েছেন অনেকে। এই পরিস্থিতিতে রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এই দল গড়ে দিয়েছেন।
জানা গিয়েছে, বাংলায় সন্ত্রাস কবলিত এলাকাগুলি ঘুরে দেখবে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। আক্রান্তদের সঙ্গে কথা বলবেন। নেতৃত্বে থাকবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব। কমিটিতে রয়েছেন তিনজন সাংসদ- রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল ও কবিতা পাটিদার। পরিস্থিতি খতিয়ে দেখে পদ্মের রাজ্য নেতৃত্বের সঙ্গেও বৈঠক হবে বলে জানা গিয়েছে। এরপর কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট জমা দেবে প্রতিনিধি দল।
ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) অভিযোগ বাংলায় নতুন নয়। গত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগে তোলপাড় হয়েছিল রাজ্য। জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্টেও। তারপরও বিভিন্ন নির্বাচনে অশান্তির খবর সামনে এসেছে। বাংলায় সাত দফার লোকসভা নির্বাচন হয়েছে। বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। শেষ দফার ভোটের পর মুখ্য নির্বাচন কমিশনার জানিয়ছিলেন, বাংলায় বড় কোনও অশান্তি হয়নি।
সম্প্রতি ভোট পরবর্তী হিংসার জেরে ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু রাজভবনে ঢুকতে বাধা দেয় পুলিশ। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও দেখা না করেই ফিরে যেতে হয় তাঁদের। রাজ্যপালের সঙ্গে দেখা করার অনুমতি থাকলেও পুলিশি বাধার কারণে তা সম্ভব হয়নি, এই অভিযোগে গর্জে ওঠেন শুভেন্দু অধিকারী। এরপর শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোস খোদ সেইসমস্ত বিজেপির কর্মীদের সঙ্গে দেখা করতে যান। এবার হিংসার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

