উপনির্বাচনে ৩ আসনে লড়ছে বামেরা, কোথায় প্রার্থী দিচ্ছে কংগ্রেস?

বিধানসভা উপনির্বাচনে জোট বেঁধে ময়দানে নামছে বাম-কংগ্রেস। তিন আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বামেরা। হাত শিবিরের জন্য ছাড়া হয়েছে মাত্র একটি আসন। কোন আসনে লড়বেন কারা, শুক্রবার বিকেলেই বামেদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেসের জন্য কোন আসনটি ছাড়া হল? জেনে নিন বিস্তারিত।

আগামী ১০ জুলাই মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। মানিকতলায় তৃণমূলের প্রার্থী প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে, তাঁর বিরুদ্ধে বামেরা প্রার্থী করেছে রাজীব মজুমদারকে। রানাঘাট দক্ষিণে সিপিএমের প্রার্থী অরিন্দম বিশ্বাস। বাগদায় প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক। এই কেন্দ্রে টিকিট দেওয়া হয়েছে গৌর বিশ্বাসকে। উত্তরবঙ্গের রায়গঞ্জ আসনটি ছেড়ে দেওয়া হয়েছে কংগ্রেসের জন্য। তবে এই বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম এখনও ঘোষণা হয়নি।

গতকাল সকালেই চার আসনে উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে শাসক দল তৃণমূল। ২০২১ সালে মানিকতলা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী সাধন পান্ডে। ২০২২ সালে প্রয়াত হন তিনি। আইনি জটিলতা মিটতেই দু’বছর পর উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে, ২১-এ রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদায় বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন যথাক্রমে কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাস। পরবর্তীকালে তাঁরা তৃণমূলে যোগদান করেন। লোকসভা নির্বাচনে তিনজনকেই প্রার্থী করেছিল শাসক দল, তবে হারের মুখ দেখতে হয়েছে তাঁদের। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন প্রয়োজন।

রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ থেকে প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী ও মুকুটমণি অধিকারীকে প্রার্থী করেছে তৃণমূল। তবে বাগদায় বিশ্বজিৎ দাসকে টিকিট দেওয়া হয়নি, নতুন মুখ হিসেবে দলীয় সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করে তৃণমূল। উল্লেখ্য, আগামী ১৩ জুলাই এই চার কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ।   

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube