ইজরায়েলের ৯টি সামরিক ঘাঁটিতে তারা রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। এমনই দাবি হিজবুল্লা গোষ্ঠীর। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত লেবাননের দক্ষিণ সীমান্ত এলাকা। হিজবুল্লাহ জানিয়েছে, মঙ্গলবার ইজরায়েলি হামলায় তাদের এক শীর্ষ ফিল্ড কমান্ডারের মৃত্যু হয়। সেই হত্যার বদলা নিতেই, তারা পাল্টা হামলা চালায়।
লেবাননের একটি সূত্রকে উদ্ধৃত করে, সংবাদ সংস্থা দাবি করেছে, গত অক্টোবর থেকে ইজরায়েল এবং হামাসের মধ্যে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর, এটিই হিজবুল্লা গোষ্ঠীর এখনও পর্যন্ত সবচেয়ে বড় হামলা। লেবাননের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, শুক্রবার ভোরে বন্দর শহর টায়ারের পূর্ব দিকে একটি ভবনে বিমান হামলায় এক মহিলার মৃত্যু হয়। পাশাপাশি, এক ডজনেরও বেশি আহত, যাদের অধিকাংশই শিশু।
এর প্রেক্ষিতে ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে। এর আগে এক বিবৃতিতে হিজবুল্লা গোষ্ঠী জানায়, তারা ইজরায়েলের ৬টি সামরিক ঘাঁটিতে কাতিউশা ও ফালাক রকেট মারফত হামলা চালিয়েছে. আল-মানার টেলিভিশন অবশ্য দাবি করছে যে হামলার সময় শতাধিক রকেট ছোঁড়া হয়।
এছাড়া উত্তর ইজরায়েলের সেনা সদর দফতর, একটি গোয়েন্দা সদর দফতর এবং একটি সামরিক ব্যারাকে ড্রোন হামলা চালানো হয়েছে। একটি নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা আরও জানিয়েছে, এই তিন টার্গেটে একসঙ্গে কমপক্ষে ৩০টি ড্রোন হামলা চালানো হয়েছে। যা আট মাস ধরে চলা যুদ্ধে, হিজবুল্লা গোষ্ঠীর সবচেয়ে বড় ড্রোন হামলা।
অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত হিজবুল্লা এবং ইজরায়েলের সামরিক বাহিনীর মধ্যে প্রায় প্রতিদিনই গুলি বিনময় চলছে। যদিও ইজরায়েলি হামলায় হিজবুল্লা কমান্ডার নিহত হওয়ার পর, গত দু’দিনে হামলার তেজ আরও বেড়েছে। সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, লেবাননে ইজরায়েলি হামলায় তিন শতাধিক হিজবুল্লা বিদ্রোহীর মৃত্যু হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

