চিনের তৈরি বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা এখন ইউরোপের বিভিন্ন গাড়ি প্রস্তুকারক সংস্থার কাছে বড় চ্যালেঞ্জ । এমনটাই মনে করছে ইইউ-এর অটোমোবাইল বিশেষজ্ঞরা । এমনকি ইউরোপীয় ইউনিয়নের রাজনীতিকরাও এখন চিনের তৈরি বৈদ্যুতিক গাড়িগুলিকে, নিজেদের অটোমোবাইল শিল্পের জন্য হুমকি হিসেবে দেখছেন । এ অবস্থায়, ইউরোপের বাজারে এবার বাড়তে পারে চাইনিজ গাড়ির দাম, মত বিশ্লেষকদের ।
বর্তমানে, চিন থেকে ইউরোপে আমদানি করা গাড়িগুলিতে ১০% শুল্ক ধার্য করা হয়েছে । অথচ চিনে আমদানি করা ইউরোপীয় গাড়িগুলিতে শুল্ক রয়েছে ১৫% । ইউরোপীয় ইউনিয়ন আপাতত সিদ্ধান্ত নিয়েছে, চিনের সঙ্গে আলোচনার পরেও কোনও সমাধানসূত্র না মিললে, জুলাই থেকে চিনে তৈরি হওয়া বৈদ্যুতিক গাড়ির শুল্ক বাবদ বাড়তি অর্থ গুনতে হবে । গত অক্টোবরে শুরু হওয়া ইউরোপিয়ান কমিশনের তদন্তে যারা সহযোগিতা করছে, তাঁদের জন্য শুল্ক হার হবে ২১ % । আর যারা কমিশনের তদন্তে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি, তাদের জন্য শুল্ক হার ৩৮.১ % ।
ইতিমধ্যেই চিনের তিনটি গাড়ি প্রস্তুতকারক সংস্থার জন্য সুনির্দিষ্ট শুল্ক হার ঠিক করা হয়েছে: বিওয়াইডি: ১৭.৪%, গিলি: ২০%, এসএআইসি: ৩৮.১% । সংবাদ সংস্থার দাবি, চিনের বিভিন্ন সরকারি সুবিধা পাওয়া গাড়িগুলি জলের দরে ইউরোপের বাজারে বিক্রি হচ্ছে । নতুন মাশুল কার্যকর হলে, চিনে ইলেক্ট্রিক গাড়ি উৎপাদনকারী বিদেশি কোম্পানিও ক্ষতিগ্রস্ত হবে । যার মধ্যে ইউরোপের বিএমডব্লিউও আছে ।
ইউরোপীয় কমিশনের দাবি, টেসলার আবেদনের ভিত্তিতে কোম্পানিটির জন্য আলাদা শুল্কের হার ঠিক করা হতে পারে । চিনে তৈরি হওয়া সব ইলেক্ট্রিক গাড়িতে বর্তমানে যে ১০ % হারে শুল্ক আছে, নতুন হার তার চাইতে বেশি হবে । গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র চিনের তৈরি ইলেক্ট্রিক গাড়িতে ২৫ থেকে ১০০ % শুল্ক ধার্য করার পর ইউরোপীয় ইউনিয়ন এবার শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নিল ।
কেবল চিন-ই এই পদক্ষেপের সমালোচনা করেছে তেমনটা নয় । ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন রাজনীতিকও এই ইস্যুতে সরব হয়েছেন । চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইন জিয়ান বলেন, তাদের ভর্তুকির বিপরীতে এধরনের পদক্ষেপ নেওয়া হলে, সেটা হবে অগণতান্ত্রিক পদক্ষেপ । তিনি আরও বলেন, নতুন শুল্ক কার্যকরের কারণে চিন এবং ইইউ-এর মধ্যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়তে পারে । সেই সঙ্গে আন্তর্জাতিক অটোমোবাইল শিল্পে উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থাতেও প্রভাব পড়তে পারে ।
প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের ১৫টি দেশ, যাদের জনসংখ্যা এই অঞ্চলের ৬৫ %, তারা এই পদক্ষেপের বিপক্ষে ভোট না দিলে, আগামী নভেম্বর থেকে নতুন শুল্ক হার কার্যকর হবে । এই পদক্ষেপের ফলে এবার ইউরোপের আকাশে বেইজিংয়ের সঙ্গে ‘বাণিজ্য যুদ্ধের’ কালো মেঘ দেখছেন জার্মানির পরিবহনমন্ত্রী ভলকার উইচিং । তিনি এক্স পোস্টে লিখেছেন, ‘ইউরোপিয়ান কমিশনের শাস্তিমূলক শুল্ক ধার্য করা হলে, অটোমোবাইল শিল্পের সঙ্গে যুক্ত জার্মানির বিভিন্ন কোম্পানি ও তাদের শীর্ষ পণ্যগুলো ক্ষতিগ্রস্ত হবে’ ।
ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলছে, ইউরোপের গাড়ি শিল্পে প্রতিযোগিতা ধরে রাখতে ‘অবাধ ও মুক্ত বাণিজ্য’ জরুরি । তাদের মতে, ইলেক্ট্রিক গাড়ির চল বাড়ানোর জন্য যখন পরিকল্পনা করা হচ্ছে, তখন এধরনের পদক্ষেপ ভীষণই বিভ্রান্তিকর । অবাধ বাণিজ্যের ওপর গুরুত্ব দিতে চাইছে জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মার্সিডিজ-বেনজ অ্যান্ড স্টেল্যান্টাস ।
স্টেল্যান্টাস-এর মুখপাত্রের দাবি, তারা এমন পদক্ষেপকে সমর্থন করে না যেটি কিনা বিশ্ব বাণিজ্যকে বিভক্ত করতে উদ্যোগী হয়েছে । ইউরোপের কিছু গাড়ি প্রস্তুতকারক সংস্থা আন্তর্জাতিক প্রতিযোগিতার সঙ্গে তাল মেলাতে, আঞ্চলিক শিল্পনীতিরও দাবি তুলেছে । গত বছর কেবল চিনেই ৮০ লাখ ইলেক্ট্রিক গাড়ি বিক্রি হয়েছে । যা বিশ্বে বিক্রি হওয়া এমন মোট গাড়ির ৬০ % ।
এদিকে নয়াদিল্লি বৈদ্যুতিক গাড়ি উৎপাদন এবং ব্যবহারে জোর দিতে শুরু করায়, তার লাভ তুলতে চায় প্রতিবেশী রাষ্ট্র চিন । সেদেশের একের পর এক বৈদ্যুতিক গাড়ি সংস্থা এখন ভারতে তাদের গাড়ি কারখানা তৈরি করতে পারে । সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এমনটাই দাবি করেছে গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই) । সে দেশের সরকারের সহায়তায় চিনা বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি প্রযুক্তির দিক দিয়ে অনেক উন্নতি করেছে । যার ফলে গোটা বিশ্বে বৈদ্যুতিক গাড়ি এবং যন্ত্রাংশ রফতানিতে প্রথম সারিতে রয়েছে চিনা সংস্থাগুলি । রিপোর্টে জানিয়েছে জিটিআরআই ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

