।। বাবাই প্রধান ।।
বর্তমান বাজারে থ্রিলার গল্পের চাহিদা বেড়েছে। সিনেমা হোক বা ওয়েব সিরিজ, পরিচালকরা ভরসা রাখছেন থ্রিলার গল্পের ওপরই। এবার সেই তালিকায় নাম লেখালেন পরিচালক রিঙ্গো ওরফে অর্ণব বন্দ্যোপাধ্যায়। আসছে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘মিল্কশেক মার্ডার’। তবে কাহিনীর প্রেক্ষাপট ভারত নয়, আন্তর্জাতিক স্তরে বোনা হবে রহস্যের জাল।

সিরিজের পেক্ষাপট থাইল্যান্ড। এই সিরিজের হাত ধরেই ওটিটিতে আত্মপ্রকাশ করতে চলছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নীল এর স্ত্রী এবং টলিপাড়ার পরিচিত মুখ তৃণা সাহা, সৌরভ দাস, জয়দেব রায়কে। এই থ্রিলার ঘরানার সিরিজের প্রযোজনা করেছেন ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়। সিরিজের শুরুতেই দেখা যাবে একজন ব্যর্থ লেখক যিনি থাইল্যান্ডে থাকেন, হতাশাগ্রস্ত হয়ে ফিফি দ্বীপে চলে যায়। ঘটনাক্রমে সেখানেই তাঁর দেখা হয় এক বাঙালির সঙ্গে। তিনি খানিকটা ‘পাগলাটে’ ছিলেন। প্রবাসে দুই বাঙালির বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগে না। কথায় কথায় জানতে পারেন লোকটির লেখা প্রথম বইটি একটি নামজাদা প্রকাশনা সংস্থা ছাপছে। কিন্তু তিনি এখনও তাঁর পাণ্ডুলিপি জমা দেননি।

এরপর গল্পে আসে টুইস্ট! পরের দিন ওই বাঙালি লোকটি সমুদ্রে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। কিন্তু তাঁর পাণ্ডুলিপি রয়ে যায় ব্যর্থ লেখকের কাছে। পরবর্তীকালে দেখা যায় এই ব্যর্থ লেখক ওই ‘নিখোঁজ’ ব্যক্তির পরিচিতি ও পাণ্ডুলিপি দুটোই আত্মসাৎ করে। এরপর ওই ব্যর্থ লেখক, সেই সময়ের শ্রেষ্ঠ লেখক হয়ে ওঠেন।

গল্প নেয় নতুন মোড়। কিছু দিন যেতে না যেতেই ভীত হয়ে ওঠেন ওই লেখক। কারণ সেই বইটি এখন দাগি খুনীর জার্নাল হিসাবে চিহ্নিত। যা কলকাতায় ঘটে যাওয়া বিভিন্ন খুনের ঘটনাকে তুলে ধরেছে। যেটি একমাত্র খুনি জানে। তাহলে কি ফাঁদ পাতা হয়েছিল লেখকের জন্য? জানতে হলে কয়েকদিনের অপেক্ষা। আগামী মাসে অর্থাৎ জুলাইতে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে মিল্কশেক মার্ডার।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

