।। পম্পি রায় ।।
ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার ড: কিরণ বেদী। তাঁর অনুপ্রেরণামূলক জীবন নিয়ে তৈরি হতে চলেছে বায়োপিক। ড: কিরণ বেদী নিজেই ঘোষণা করেছেন বায়োপিকের নাম ‘বেদী: দ্য নেম ইউ নো, দ্য স্টোরি ইউ ডোন্ট’। এর আগেও বেশ কয়েকবার নিজের জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব পেয়েছেন তিনি। এনিয়ে বেদি বলেছেন, তাঁর মনে হয়েছে এখন বায়োপিক তৈরির উপযুক্ত সময়।
৭৫ বছর বয়সী দেশের প্রথম মহিলা আইপিএস অফিসার অকপটে স্বীকার করেছেন, পরিচালক কুশল চাওলার সাড়ে চার বছরের গবেষণা তাঁকে হ্যাঁ বলতে বাধ্য করেছে। তিনি আরও জানিয়েছেন, “আমি আমার অ্যাসাইনমেন্টের জন্য পন্ডিচেরিতে যখন ছিলাম, তখন কুশল এবং তাঁর বাবা (প্রযোজক) গৌরব চাওলা আমার কাছে এসে বলেছিলেন যে তাঁরা আমার জীবন নিয়ে একটি চলচ্চিত্র বানাতে চান। আমি তাঁদের বলেছিলাম যে এখন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ আমি এখনও কর্মরত। কিন্তু আমি দেখলাম যে, আমি হ্যাঁ বলব কিনা, তা না জেনেই তাঁরা ইতিমধ্যেই প্রচুর হোমওয়ার্ক এবং পরিশ্রম করে ফেলেছেন।”
ছবির প্রাথমিক প্রযোজনার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। কিরণ বেদীর চরিত্রের জন্য কাস্টিং এখনও হয়নি। পর্দায় নিজের চরিত্রে কাকে দেখতে চান? এই প্রশ্নের উত্তরে কিরণ বেদী জানান, “এটা খুব কঠিন কাজ, পরিচালক এবং প্রযোজকদের উপরই ছাড়া ভালো।” তিনি আরও বলেন, আগামী বছর ছবিটি মুক্তি পেতে পারে। ২০২৫ সালে আন্তর্জাতিক নারী দিবসের ৫০ বছর। তাই আগামী বছরেই ছবিটি সিলভার স্ক্রিনে আনতে পারেন পরিচালক কুশল চাওলা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

