।। সানন্দা বসু ।।
কুয়েত থেকে বিশেষ বিমানে করে মৃতদের দেহ ফিরিয়ে আনা হল দেশে। শুক্রবার সেই বিমান কোচি বিমান বন্দরে অবতরণ করে। সেখান থেকে বিমান দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা বলে জানা গিয়েছে। গত বুধবার কুয়েতের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড বহু নিরীহ প্রাণ বলি হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই ভারতীয়। মৃতদের তালিকায় রয়েছেন একাধিক বাঙালি শ্রমিক।
কুয়েতে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ৪৫ জন ভারতীয়ের। মৃতদেহ দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয় নয়া দিল্লি। গত বুধবার রাতেই বিদেশমন্ত্রী এস জয়শংকর কুয়েতের বিদেশমন্ত্রী আলি আল-ইয়াহিয়ার সঙ্গে কথা বলেন। আহতদের চিকিৎসার বিষয়টি দেখভাল করতে এবং নিহতদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে কুয়েতে পৌঁছন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। গিয়েছে কেরলের স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জও।
চলতি সপ্তাহের বুধবার কুয়েতের মাঙ্গাফ এলাকায় একটি বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বহুতলের বাসিন্দাদের মধ্যে অধিকাংশই ছিলেন ভারতীয়। ঘটনার জেরে প্রায় ৫০ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৪৫ জনই ভারতীয়। এক নির্মাণকারী সংস্থার কর্মী ছিলেন তাঁরা। কুয়েতের দমকল বাহিনী সূত্রে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। ইতিমধ্যে ঘটনার তদন্তও শুরু হয়েছে।
উল্লেখ্য, এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় কেরলের ২৩ জন ব্যক্তির প্রাণহানি ঘটেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার তুর্কগড়ের বাসিন্দা দ্বারিকেশ পট্টনায়েক বলে এক ব্যক্তিরও এই ঘটনায় মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের তিনজনের মৃত্যু হয়েছে। ওড়িশা থেকে কুয়েতে গিয়ে কর্মরত দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া মৃতদের তালিকায় বিহার, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্নাটক, মহারাষ্ট্র এবং পঞ্জাবের বাসিন্দারা রয়েছে। কুয়েত প্রশাসনের পক্ষ থেকে দেহ শনাক্ত করতে ডিএনএ টেস্টের ব্যবস্থা করা হয়েছে বলে খবর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

