।। অর্পিতা দাশগুপ্ত ।।
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই ময়দানে নেমে পড়েছেন নরেন্দ্র মোদী। এবার মন দিয়েছেন কূটনৈতিক ক্ষেত্রেও। হ্যাট্রিকের পর প্রথমবার বিদেশ সফরে যাচ্ছেন তিনি। জি ৭-এর সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ইতালি যাচ্ছেন নরেন্দ্র মোদী। ওই দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও আলাদা করে বৈঠক হতে পারে বলে খবর।
আগামী ১৩ ও ১৪ জুন ইতালিতে অনুষ্ঠিত হবে জি ৭ শীর্ষ সম্মেলন। এটি জি ৭-এর পঞ্চাশতম অধিবেশন। ‘আউটরিচ কান্ট্রি’ (জি ৭-এর সদস্য নয় এমন দেশ) হিসেবে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। জর্জিয়া মেলোনির আমন্ত্রণে সাড়া দিয়ে সম্মেলনে যোগ দিতে আজই রওনা দিচ্ছেন প্রধানমন্ত্রী। জাপান, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা সহ সদস্য দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সূত্রে খবর, জর্জিয়া মেলোনির পাশাপাশি জো বাইডেন সহ জি ৭ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী। এই সম্মেলনে মোদীর ভাষণে ভারত-প্রশান্ত মহাসাগরীয় রাজনীতি, পরিবেশের মত বিষয়গুলি গুরুত্ব পেতে পারে বলে জানা যাচ্ছে।
ভারত জি ৭-এর অংশ না হলেই এই নিয়ে ১১ বার সম্মেলনে অংশ নেবে। নরেন্দ্র মোদী গত চার বছর ধরে টানা জি ৭ সম্মেলনে অংশ নিচ্ছেন। ২০২৪-এ পঞ্চমবার অংশ নেবেন প্রধানমন্ত্রী নমো। প্রত্যেক বছর ভারতকে সম্মেলনে আমন্ত্রণ জানানোয় আন্তর্জাতিক ক্ষেত্রে দিল্লির ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

