চার কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, নতুন মুখে ভরসা শাসক দলের

।। অর্পিতা দাশগুপ্ত।।

লোকসভা নির্বাচন মিটতেই বাংলায় ফের ভোটের আবহ। আগামী মাসেই চার কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। নির্ঘণ্ট ঘোষণার কয়েকদিনে মধ্যেই শুক্রবার প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। একদিকে যেমন জল্পনায় সিলমোহর পড়ল অন্যদিকে তালিকায় দেখা গেল নতুন মুখ। কারা পেল টিকিট?

আগামী ১০ জুলাই মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদায় উপনির্বাচন রয়েছে। বৃহস্পতিবার এই চার কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। জল্পনা মতই মানিকতলায় প্রার্থী হয়েছেন প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারীকে টিকিট দিয়েছে শাসক দল। বাগদায় প্রার্থী করা হয়েছে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে। বাগদায় ঠাকুর বাড়ির বিশেষ প্রভাব রয়েছে সেই কারণেই তৃণমূল নেতৃত্ব মধুপর্ণাকে প্রার্থী করেছে বলে মনে করা হচ্ছে।

২০২১ সালে মানিকতলা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী সাধন পান্ডে। ২০২২ সালে প্রয়াত হন তিনি। তাই সেখানে উপনির্বাচন প্রয়োজন। তবে আইনি জটিলতার কারণে দু বছর ধরে সেই প্রক্রিয়া আটকে ছিল। অবশেষে জটিলতা কাটতেই উপনির্বাচনের দিন ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। আসন ধরে রাখতে প্রয়াত বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকেই প্রার্থী করল শাসক দল।

অন্যদিকে, ২১-এ রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদায় বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন যথাক্রমে কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাস। পরবর্তীকালে তাঁরা তৃণমূলে যোগদান করেন। লোকসভা নির্বাচনে তিনজনকেই প্রার্থী করেছিল শাসক দল, তবে হারের মুখ দেখতে হয়েছে তাঁদের। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন প্রয়োজন।

রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ থেকে প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী ও মুকুটমণি অধিকারীকে প্রার্থী করেছে তৃণমূল। সূত্রে খবর, বাগদার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসের সঙ্গে শাসক দল যোগাযোগ করলে তিনিই প্রার্থী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন। বনগাঁ লোকসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী জানিয়েছেন, তিনি এই মুহূর্তে সংগঠনের কাজ মন দিতে চান। এরপরই নতুন মুখ হিসেবে মমতাবালা ঠাকুরের মেয়েকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করে তৃণমূল। উল্লেখ্য, আগামী ১৩ জুলাই এই চার কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube