।। সানন্দা বসু ।।
অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর আগাম জামিনের আবেদন মঞ্জুর হল। নিউটাউনের রেস্তোরাঁ-মালিককে মারধরের ঘটনায় বারাসত আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন সোহম । আগাম জামিনের আবেদনও করেছিলেন । আদালত দু’হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে । তবে সেখানে গিয়েও বিতর্ক পিছু ছাড়ল না তাঁর । সরকারি আইনজীবীর জন্য নির্ধারিত ঘরে বসে অপেক্ষা করা নিয়ে উঠতে শুরু করল প্রশ্ন ।
রেস্তোরাঁ-মালিককে মারধর করার কথা আগে স্বীকার করে নিয়েছিলেন সোহম । কিন্তু বুধবার অভিনেতার বিরুদ্ধে রেস্তোরাঁ-মালিক আনিসুল আলম কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ, পুলিশ কোনও পদক্ষেপ করছে না। এরপরই মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি অমৃতা সিনহা । মামলার শুনানির সম্ভাবনা শুক্রবার । তার আগেই বৃহস্পতিবার বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানান সোহম। নিজে আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন তিনি ।
বিতর্কের সূত্রপাত গত শুক্রবার নিউটাউনের রেস্তোরাঁয়। সেখানকার একটি ফ্লোরে শুটিং করছিলেন সোহম। সেই সময়ই রেস্তোরাঁর সামনে শুটিং ইউনিটের গাড়ি রাখা নিয়ে অভিনেতার নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা বাধে ওই রেস্তরাঁর মালিক আনিসুলের। তাঁর অভিযোগ, পার্কিং খালি করতে বললে সোহমের নিরাপত্তারক্ষীরা তাঁর উপর চড়াও হন। এরপর সোহমও তাঁকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। তাঁকে ঘুষি মারা হয় বলে দাবি করেন তিনি। এমনকি, সোহম তাঁকে সজোরে লাথি মারেন বলেও অভিযোগ আনিসুলের।
বৃহস্পতিবার সোহমের এই তৎপরতা দেখে অনেকের প্রশ্ন, তবে কি রেস্তোরাঁ-মালিককে মারধরের ঘটনায় গ্রেফতারির আশঙ্কা করেছিলেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক? যার জন্যই কি তিনি বারাসত আদালতে গিয়ে আগাম জামিন চাইলেন? তবে বারাসত আদালতে আগাম জামিন চাইতে গিয়েও বিতর্কে জড়িয়েছেন সোহম। অভিযোগ, বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করার পর দীর্ঘক্ষণ সরকারি আইনজীবীর জন্য নির্ধারিত ঘরে বসে অপেক্ষা করেন। একজন অভিযুক্ত আদালত কক্ষে না বসে কেন সরকারি আইনজীবীর বরাদ্দ ঘরে বসেছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবীদেরই একাংশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

