।। পম্পি রায় ।।
টানটান উত্তেজনায় ভরা অজয়-তাব্বু অভিনীত “অরো মে কাহা দম থা” ছবির ট্রেলার মুক্তি পেল। বলিউডের অন্যতম হিট জুটি অজয় দেবগন এবং তাব্বু । বিজয়পথ, হকিকত, তক্ষক, ফিতুর, দৃশ্যম, গোলমাল এগেইন, দে দে পেয়ার দে, দৃশ্যম ২ এবং ভোলা সহ বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এই যুগল । তাই স্বাভাবিকভাবেই যখন এই জুটি ঘোষণা করেছিলেন যে তাঁদের একসঙ্গে দেখা যেতে চলেছে মিউজিকাল লাভ স্টোরি, অরও মে কাহা দম থা ছবিতে, তখন উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন ভক্তরা। ছবির পোস্টার, টিজারের পর এবার সামনে এল ট্রেলার ।

“অরও মে কাহা দম থা” ছবির ট্রেলার শুরু হয়েছে এক ইয়ং কাপলের কথোপকথন দিয়ে, মেয়েটি বলছে, “কৃষ্ণা, কোই হামকো আলাগ তো নেহি করেগা না?” তাঁকে আশ্বস্ত করে ছেলেটি প্রত্যুত্তরে বলছে, “ম্যায়নে চেক কিয়া কোই আয়সা পেয়দা নেহি হুয়া অভি তক।” ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর ধরে নানা দিক তুলে ধরা হয়েছে। ট্রেলারে সিনেমার গল্প বারে বারে ফ্ল্যাশব্যাকে ফিরে গিয়েছে। তরুণ অজয়ের চরিত্রে শান্তনু মাহেশ্বরী, তরুণী তাব্বুর চরিত্রে সাই মাঞ্জরেকার অভিনয় করেছেন। তাব্বুর স্বামী হিসেবে দেখা গিয়েছে জিমি শেরগিলকে।

অজয় দেবগণের চরিত্রের নাম কৃষ্ণা। ট্রেলারে দেখানো হয়েছে জেলের ভিতরে আসামির পোশাকে রয়েছেন কৃষ্ণা (অজয়ের চরিত্রের নাম)। অজয়ের বিরুদ্ধে যৌবনে দু’জনকে খুন করার অভিযোগ উঠেছে এবং তাঁর ২২ বছরের দীর্ঘ কারাবাস শেষ হতে চলেছে। তবে তিনি মুক্তি পেতে চান না, কারণ তিনি বাইরের জগতের মুখোমুখি হতে প্রস্তুত নন। ছোটবেলায় অজয় ও তাব্বুর প্রেম, অজয়ের জেলে চলে যাওয়া, অভিজিতের (জিমি শেরগিলের চরিত্রের নাম) সঙ্গে তাব্বুর বিয়ে, তারপরেও ছোটবেলার প্রেমিকের জন্য ২২ বছর ধরে অপেক্ষারত তাব্বু। ২২ বছর পর জেল থেকে বেরিয়ে ছোটবেলার প্রেমিক-প্রেমিকার মিলনের এক দারুণ দৃশ্য দেখানো হয়েছে।

তাব্বুর স্বামীর চরিত্রে অভিনয় করা জিমি শেরগিল অজয়ের কাছে জানতে চান, সেই রাতে যে দুজনকে খুন করার অভিযোগ রয়েছে, কী হয়েছিল ওই রাতে? কেউ তাকে কী ফাঁসিয়ে দিয়েছে? এই প্রশ্নটা ঘিরেই আবর্তিত হয়েছে সিনেমার পুরো গল্প। ট্রেলারটিতে ৯০- এর দশকের একটি নস্টালজিয়া রয়েছে। যার সঙ্গে রয়েছে অজয়ের শায়েরি, যা আপনাকে দিলজালে এবং দিলওয়ালের সময়ে ফিরিয়ে নিয়ে যাবে। ছবিতে রয়েছে হোলির দৃশ্য। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন প্রখ্যাত এম এম কীরাবণী (এম এম ক্রীম)। ট্রেলারটিতে দুটি গান রয়েছে, যার মধ্যে একটি গেয়েছেন জুবিন নটিয়াল ।

ছবিটি পরিচালনা করেছেন নীরজ পান্ডে, যিনি এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, এ ওয়েডনেস ডে, স্পেশাল ২৬-এর মতো সফল এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্র পরিচালনা করেছেন। অজয়-তাব্বুর “অরও মে কাহা দম থা” ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের ৫ই জুলাই । প্রেমিক-প্রেমিকার চরিত্রে জুটি হিসেবে অজয়-তাব্বুর অভিনয় এবং শেষ পর্যন্ত তাঁদের ‘অসমাপ্ত’ প্রেমকাহিনীর কোন দিকে মোড় নেয় সেই নিয়ে কৌতূহল বাড়ছে দর্শক মহলে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

