ভোট পরবর্তী হিংসায় জেলায় জেলায় আক্রান্ত বিজেপি কর্মীরা। ঘর ছাড়া হয়েছেন অনেক। বৃহস্পতিবার এই অভিযোগ নিয়ে রাজভবন অভিযানে নামেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন বহু বিজেপি কর্মী। তবে পুলিশি বাধার মুখে পড়ে শেষপর্যন্ত রাজভবনের ভিতরেই ঢুকতে পারেননি তাঁরা, অভিযোগ উঠছে এমনটাই। এই ঘটনায় এবার স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
বৃহস্পতিবার বিকেল ৪ টে নাগাদ বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। একটি বাসে করে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু গন্তব্যের কাছে পৌঁছাতেই পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ বিরোধী দলনেতার। রাজভবনে যোগাযোগ করা হলে তাঁদের জানানো হয়, ওই চত্বর কলকাতা পুলিশের অধীনে থাকায় এই বিষয়ে রাজভবন হস্তক্ষেপ করতে পারেনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ভিতরে যেতে না পারায় ফিরে যেতে হয় শুভেন্দুদের। এই ঘটনায় স্বরাষ্ট্রসচিবের রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল।
উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। আদালতের তরফে জানানো হয়, আগামী ২১ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি আটকাতে রাজ্য পুলিশের তরফে কী পদক্ষপে নেওয়া হচ্ছে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আগামী মঙ্গলবার (১৮ জুন) এই মামলার পরবর্তী শুনানি হবে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

