।। অর্পিতা দাশগুপ্ত ।।
তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ হয়ে গিয়েছে। চলতি মাসেই অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন বসতে চলেছে। জানা যাচ্ছে, আগামী মাসে অর্থাৎ জুলাইতে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারে এনডিএ সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ইতিমধ্যেই বাজেট সংক্রান্ত বৈঠক শুরু করেছেন বলে খবর।
সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিয়েছেন, ২৪ জুন থেকে নতুন সরকারের প্রথম অধিবেশন শুরু হতে চলেছে। ৩ জুলাই অধিবেশন শেষ হবে। প্রথম তিন দিনে নির্বাচিত লোকসভার সাংসদেরা শপথ নেবেন। এরপর রাষ্ট্রপতির অভিভাষণ ও সংসদের আলোচনা হবে। রাজ্যসভার অধিবেশন শুরু হবে আগামী ২৭ জুন। দেরিতে শুরু হলেও ৩ জুলাই রাজ্যসভার অধিবেশন শেষ হবে। ২৭ জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন। ওই দিনেই আগামী পাঁচ বছরের জন্য সরকারের রূপরেখা সংক্রান্ত প্রস্তাবনা পেশ করা হতে পারে বলে খবর।
আগামী ২২ জুলাই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট পেশ হতে পারে বলেই আশা করা হচ্ছে। অন্যান্য বছর ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয়। তবে এবারে লোকসভা নির্বাচন থাকায় অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নতুন সরকার গড়ার পর এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করার পালা। প্রত্যাশা রয়েছে তুঙ্গে। মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ। কোনও সুরাহা মিলবে কি? এনডিএ সরকারে ফের অর্থ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন নির্মলা সীতারমণ, তাই স্বাভাবিকভাবেই তিনি বাজেট পেশ করবেন।
২০২৪-২৫ অর্থবর্ষের জন্য যে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল সেখানে হতাশা প্রাপ্তি হয়েছিল মধ্যবিত্তের। আক্ষেপ প্রকাশ পেয়েছিল একাংশের। এবার তৃতীয় সরকার গঠনের পর পূর্ণাঙ্গ বাজেটে কোনও চমক থাকবে কিনা সেদিকেই নজর থাকবে সব মহলের।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

