ডেঙ্গু জ্বরে কাঁপছে ইউরোপ

স্পেন, ফ্রান্স এবং গ্রিস সহ ইউরোপের ১৩টি দেশে বংশ বিস্তার করছে ভয়ঙ্কর প্রজাতির ‘এশিয়ান টাইগার মসকুইটো’ বা ‘এডিস অ্যালবোপিক্টাস’ মশা । আর এই মশার কারণেই ইউরোপে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে, দাবি বিশেষজ্ঞদের । ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল বা ইসিডিসি –র মতে, জলবায়ু পরিবর্তন এই প্রজাতির মশার বংশ বিস্তারে অনুকূল পরিবেশ সৃষ্টি করে ।

উদ্বিগ্ন প্যারিস

সংবাদ সংস্থা জানিয়েছে, জুলাই মাসের শেষের দিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে । তাই স্থানীয় কর্তৃপক্ষ সেখানে এখন এই প্রজাতির মশা মারছে এবং মশার বিস্তারের ওপরও নজর রাখছে । ইসিডিসি সতর্ক করে বলেছে যে, খেলা উপলক্ষে সারা বিশ্ব থেকে প্রচুর মানুষ প্যারিসে যাওয়ার কারণে ইউরোপীয় দেশগুলোতে ডেঙ্গু ছড়িয়ে পড়ার প্রবণতা আরও বাড়বে ।

বাসিন্দাদের সতর্কীকরণ

ফলে বাগান, বারান্দা সহ বাড়ির আশেপাশে জমে থাকা জল ফেলে দিতে, বাসিন্দাদের পরামর্শ দিয়েছে সংস্থাটি । কারণ, জমে থাকা জলে এই মশারা বংশ বিস্তার করে । তাছাড়া, মশা প্রতিরোধক ব্যবহার করা এবং জানালা ও দরজায় স্ক্রিন ব্যবহারেরও পরামর্শ দিয়েছে ইসিডিসি ।

বাড়ছে উদ্বেগ

গত দুই দশকে ইউরোপ জুড়ে ধারাবাহিক ভাবে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে মশা । এশিয়ান টাইগার মশাকে (এডিস অ্যালবোপিকটাস) বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী মশা হিসেবে গণ্য করা হয় । দক্ষিণ ইউরোপ থেকে এই মশার দাপট এখন সমগ্র ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ছে । ইতিমধ্যেই অস্ট্রিয়া, বালগেরিয়া, ক্রোয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, মাল্টা, পর্তুগাল, রোমানিয়া, স্লোভেনিয়া এবং স্পেনের মত ইউরোপের প্রথম সারির দেশগুলিতে এই মশার উপস্থিতি টের পাওয়া গেছে । তাছাড়া বেলজিয়াম, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস এবং স্লোভাকিয়াতে এশিয়ান টাইগার মশার উপস্থিতি পাওয়া গেছে ।

আতঙ্কের এডিস

ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের মতো একাধিক মারণ রোগ ছড়ায় টাইগার মশা । এতদিন মশাবাহিত এই রোগগুলো সচরাচর আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকা বিভিন্ন দেশে দেখা যেত । পতঙ্গ বিশেষজ্ঞদের দাবি, সম্প্রতি সাইপ্রাসে বংশ বিস্তার করেছে এডিস এজিপ্টি নামে আরেক প্রজাতির মশা । এই মশা হলুদ জ্বর ছড়ায় । বিশেষজ্ঞরা বলছেন, এই প্রজাতির মশার মানুষকে কামড়ানো এবং রোগ ছড়ানোর ক্ষমতা বেশি হওয়ায় ইউরোপের অন্যান্য দেশেও বংশ বিস্তারের আশঙ্কা করা হচ্ছে ।

উপসর্গ

ডেঙ্গুর উপসর্গ শুরু হয় জ্বর দিয়ে । ক্রমশ সেটা মারাত্মক আকার ধারণ করে, মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এর কারণে । সম্প্রতি কয়েক বছর ধরে ইউরোপে ডেঙ্গু জ্বরের বিস্তার দেখা গেছে । গত বছর ফ্রান্সে আটটি, ইতালিতে চারটি এবং স্পেনে ডেঙ্গু সংক্রমণের ঘটনা ঘটেছে দু’টি । জানা গেছে, আক্রান্তদের বেশির ভাগই ভ্রমণ করতে গিয়ে সংক্রমিত হয়েছেন । এছাড়া বাণিজ্যের কারণে ভ্রমণ, মানুষের মধ্যে ডেঙ্গুর বিস্তার ঘটিয়েছে । এভাবে গত বছর ইউরোপে প্রায় ৫ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ।

তবে স্থানীয়ভাবে আক্রান্ত হওয়ার সংখ্যাও কম নয় । ২০২৩ সালে ইউরোপে ১৩০ জন স্থানীয়ভাবে ডেঙ্গু সংক্রমিত হন । ২০২২ সালে সংখ্যাটা ছিল ৭১ জন । বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, ডেঙ্গু এখন বিশ্বের ১০০টিরও বেশি দেশে ছড়িয়ে । গত বছর ডেঙ্গুতে ৬০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বিশ্বজুড়ে । প্রাণ হারিয়েছেন প্রায় ৭ হাজার মানুষ । ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত বাংলাদেশ, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনামে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube