।। অর্পিতা দাশগুপ্ত ।।
ক্ষমতায় এসেই পুরীর জগন্নাথ মন্দিরের জন্য বড় সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি মতই বৃহস্পতিবার থেকে খুলে গেল মন্দিরের চারটি দরজা। ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী মোহন মাঝি এদিন সকালেই দলীয় বিধায়কদের নিয়ে জগন্নাথ মন্দিরে আসেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনিই জানান, জগন্নাথ মন্দিরের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ওড়িশার বিজেপি বিধায়কদের নিয়ে ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে আসেন মুখ্যমন্ত্রী মোহন মাঝি। সঙ্গে ছিলেন পুরীর সাংসদ সমিত পাত্র। মঙ্গলারতি সেরে তাঁদের উপস্থিতিতেই মন্দিরের চারটি দরজা খুলে দেওয়া হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা মন্ত্রিসভার বৈঠকে জগন্নাথ মন্দিরের চারটি দরজা খোলার প্রস্তাব দিয়েছিলাম। প্রস্তাব পাশ হয়েছে। সেই মত সাধারণ মানুষের জন্য আজ সকাল থেকেই চারটি দরজা খুলে দেওয়া হয়েছে।‘ তিনি আরও বলেন, ‘জগন্নাথ মন্দিরের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য মন্ত্রিসভায় একটি তহবিল তৈরির সিদ্ধান্ত নিয়েছি। রাজ্য বাজেট পেশ করার সময় মন্দিরের জন্য ৫০০ কোটি টাকার তহবিল তৈরি করা হবে।‘
নির্বাচনী প্রচারে ওড়িশায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ জগন্নাথ মন্দিরের রক্ষণাবেক্ষণ ও রত্ন ভাণ্ডারের চাবি হারানোর অভিযোগ এনে বিজেডি ও দলের প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এদিন মোহন মাঝির মুখেও মন্দিরের রক্ষণাবেক্ষণের ত্রুটির কথা শোনা যায়।
আগে পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজাই খোলা থাকত। করোনা কালেই বিজেডি সরকার তিনটি দরজা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর আর দরজা খোলা হয়নি। একটি মাত্র দরজা খোলা থাকায় পুণ্যার্থীদের সমস্যার মুখে পড়তে হত। ওড়িশার বিধানসভা নির্বাচনে বিজেপি ইস্তেহারে মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ক্ষমতায় এসেই সেই মত প্রতিশ্রুতি পূরণ করল বিজেপি সরকার।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

