তীব্র গরমে দার্জিলিং যাওয়ার কথা ভাবছেন? মাথায় রাখুন কয়েকটি বিষয়

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। মধুরিমা ভৌমিক ।।

বাঙালির পাহাড় ডেস্টিনেশন দার্জিলিং । আর এই দার্জিলিংকে বলা হয় ‘পাহাড়ের রানি’। কম-বেশি সকলেরই অন্তত একবার দার্জিলিং বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকে । সেখানে বেড়াতে যাওয়ার সেরা সময় কখন জানেন? দার্জিলিঙের আবহাওয়া এই সময়ে অনেকটাই মনোরম । অনেকে হয়তো ভাবছেন, উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে । বৃষ্টি শুরু হলে কীভাবে যাবেন সেখানে । কিন্তু, জানেন কি দার্জিলিং ঘোরার সেরা সময় কোনটা?

ফের কলকাতার তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে । প্রচণ্ড গরমে নাজেহাল কোলকাতা সহ জেলার মানুষ । এই গরম থেকে স্বস্তি পেতে অনেকেই দার্জিলিং বা দার্জিলিঙের আশপাশের এলাকায় ভ্রমণের পরিকল্পনা করছেন । চা বাগানে ঘেরা পাহাড়ের সৌন্দর্যও অসাধারণ । আর কাঞ্চনজঙ্ঘার দেখা মিললে তো কোন কথাই নেই । দার্জিলিঙের টাইগার হিল থেকে সূর্যোদয় ও কাঞ্চনজঙ্ঘা দেখলে চোখ জুড়িয়ে যায় ।

যাঁরা খুব বেশি ঠান্ডা পছন্দ করেন না, তাঁদের জন্য গ্রীষ্মকাল অর্থাৎ মার্চ থেকে জুন মাস দার্জিলিং বেড়ানোর সেরা সময় । এই সময়ে দার্জিলিঙের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ৬-৭ ডিগ্রি সেলসিয়াস থাকে । ফলে কলকাতার গরম থেকে স্বস্তি পেতে এই সময়ে দার্জিলিং যাওয়ার প্ল্যান করতেই পারেন ।

গ্রীষ্মে দার্জিলিং বেড়াতে গেলে আবহাওয়া সাধারণত পরিষ্কার থাকে । ফলে টাইগার হিল থেকে ভোরের সূর্যোদয় দেখা সম্ভব । এছাড়া এই সময়ে দার্জিলিঙে দিনের বেলাও ঠান্ডা হাওয়া বইতে থাকে । ফলে দার্জিলিঙ থেকে বিভিন্ন ট্যুরিস্ট স্পটে যেতেই পারেন । উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা ঢুকে গেলেও এখনও সেভাবে বৃষ্টি শুরু হয়নি । তাই বেড়াতে গিয়ে বৃষ্টি না চাইলে এখনও আপনি দার্জিলিং বেড়াতে যেতে পারেন ।

অন্যদিকে যেখানে গ্রীষ্মে দার্জিলিং ভ্রমণের সেরা সময় জুন মাস পর্যন্ত বলা হয় সেখানে ঠান্ডা উপভোগ করার একটি বিশেষ সময় রয়েছে । যাঁরা ঠান্ডা উপভোগ করতে চান, তাঁদের জন্য দার্জিলিং ভ্রমণের সেরা সময় শীতকাল । নভেম্বর থেকে ফ্রেব্রুয়ারি পর্যন্ত শীতের সিজন থাকে দার্জিলিঙে । এই সময়ে দিনের তাপমাত্রা ৭-১০ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রিতে নেমে যায় । অনেক সময়ই ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে দার্জিলিঙের উঁচু স্থানগুলিতে তুষারপাত হয় । অনেকে তুষারপাত উপভোগের কারণেও দার্জিলিঙ যান । তাই কনকনে ঠান্ডা আর তুষারপাতের মজা নিতে চাইলে ডিসেম্বরের শেষে, বড়দিনের পর এবং জানুয়ারির প্রথমদিকে প্ল্যান করুন । ভাগ্য ভাল থাকলে তুষারপাতের সাক্ষী হতে পারবেন ।

বছরের সবসময় দার্জিলিং বেড়াতে যাওয়া যায় । তবে সাধারণত বর্ষা শেষ হয় অক্টোবর এবং জমিয়ে ঠান্ডা পড়তে শুরু করে নভেম্বরের শেষ থেকে । ফলে অক্টোবর-নভেম্বরে দার্জিলিঙের তাপমাত্রা থাকে ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে । ফলে ঠান্ডার আমেজ থাকলেও খুব কষ্ট হয় না । তাই দার্জিলিং বেড়ানোর সেরা সময় বলা হয় অক্টোবর, নভেম্বর মাস । তাই আপনার যদি এখনও দার্জিলিঙ ঘোরা না হয়ে থাকে এখনই ছুটি কাটাতে ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘা ঘেরা এই পাহাড়ে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube