।। স্নেহা চক্রবতী ।।
কথিত আছে মাছে-ভাতে বাঙালি । বাঙালির যে কোন অনুষ্ঠান মাছ ছাড়া একেবারে অসম্পূর্ণ । আর ইলিশ মাছ তো বাঙালির প্রাণের চেয়েও বেশি পছন্দের । তাই ইলিশ ছাড়া বাঙালির চলে না । তবে এবছর জামাইয়ের পাতে কি ইলিশ দিতে পারবেন? চিন্তায় শ্বশুর থেকে মাছ ব্যবসায়ীরা ।

রাত পোহালেই জামাই ষষ্ঠী । আর জামাইয়ের পাতে ইলিশ পড়বে না , তা কী করে হয়? এইদিন জামাইয়ের পাতে ইলিশ তুলে দেওয়ার চাহিদা বরাবরই বেশি । যদিও, এবার চিন্তা ধরাচ্ছে ইলিশ । জামাইষষ্ঠীর পেটপুজোয় এবার কি তবে বাদ পড়তে চলেছে ইলিশ? ইলিশ মাছের জন্য সারা বছর বর্ষার অপেক্ষায় থাকেন বাঙালিরা । তবে এবার দেখা নেই বর্ষার । তাহলে কি এবার খাবারের মেনুতে বাদ ইলিশ?পদ্মার ইলিশ কি আদৌ ওপার থেকে এপার বাংলায় এসেছে? নাকি এবার বাজারে মিলছে শুধুই বরফের মাছ?

এই প্রসঙ্গে জানা যাচ্ছে, ১৪ জুন পর্যন্ত নদী ও সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে । এখনও পর্যন্ত কোনও ট্রলার ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিতে পারেনি । তাই অনেকটা ঘাটতি পড়েছে সেদিকেও । ফলে এবার জামাইষষ্ঠীতে মিলবে না বঙ্গের টাটকা ইলিশ ।

তবে ঢালাও ইলিশ না মিললেও কোল্ড স্টোরেজের ইলিশের উপরই ভরসা করতে হয়েছে বাঙালিকে । ইতিমধ্যেই মাছের বাজারগুলিতে পলিথিনে মোড়া স্টোরেজের ইলিশ চলে এসেছে । তবে সস্তার কোন ব্যাপার নেই । বেশ চড়া দামেই এবার জামাই ষষ্ঠীতে কিনতে হবে ইলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

