চন্দ্রবাবু নাইডুর শপথ অনুষ্ঠানে তারকার মেলা । মঙ্গলবার পবন কল্যাণ ও চিরঞ্জীবীকে হাত ধরে মঞ্চে আনলেন মোদী, সাক্ষাৎ মেগাস্টার রজনীকান্তের সঙ্গেও ।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তেলুগু দেশম পার্টি-র প্রধান এন চন্দ্রবাবু নাইডু । উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন জোট সঙ্গী জনসেনা প্রধান পবন কল্যাণ । চন্দ্রবাবু এনিয়ে চতুর্থবার সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন । মঙ্গলবার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এছাড়াও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, নীতিন গড়কড়ি, জেপি নাড্ডা এবং শিবসেনা প্রধান একনাথ শিন্ডে ।

শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবারই নাড্ডার সঙ্গে গান্নাভারম বিমানবন্দরে পৌঁছোন অমিত শাহ । শীর্ষ বিজেপি নেতাদের অভ্যর্থনা জানান চন্দ্রবাবু নাইডুর ছেলে এবং টিডিপি নেতা নারা লোকেশ । এদিন মোট ২৪ জন মন্ত্রীপদে শপথ নিয়েছেন । বিজয়ওয়াড়ার কেসারপল্লির গান্নাভারম বিমানবন্দরের উলটো দিকে, মেধা আইটি পার্কের কাছে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । তিথি নক্ষত্র মেনে বুধবার সকাল ১১টা বেজে ২৭ মিনিট নাগাদ শপথ নেন নাইডু ।

চন্দ্রবাবু নাইডুর শপথগ্রহণ অনুষ্ঠানে ছিল চাঁদের হাট । টিডিপি প্রধানের শপথ অনুষ্ঠানে জনসেনা প্রধান পবন কল্যাণের সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদী । শুধু তাই নয়, টলিউড স্টার পবন কল্যাণের উদ্যোগেই তাঁর দাদা তথা তেলুগু সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী । তারপর দু’জনকে পাশে নিয়ে মঞ্চে জমিয়ে গল্পও করেন মোদী । সেই ছবি এখন সমাজমাধ্যমে ভাইরাল ।

সেই সঙ্গে একই মঞ্চে দেখা যায় দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকেও । স্ত্রীকে নিয়ে রজনীকান্ত নাইডুর শপথে হাজির হয়ে মোদীর সঙ্গে দেখা করেন । নাইডুর তারকা-খচিত শপথ অনুষ্ঠানে মোদীর সঙ্গে সাক্ষাতে হাজির হন অপর তেলুগু অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণও । এছাড়াও ছিলেন চিরঞ্জীবীর পুত্র রাম চরন, আল্লু অর্জুন, এনটিআর জুনিয়র, মোহন বাবু সহ আরও অনেকে । শপথগ্রহণ অনষ্ঠানে গ্রহ-নক্ষত্রদের ভিড়ের মাঝেও সার্বিকভাবে কিন্তু মঞ্চে এনডিএর ঐক্যের ছবি দেখা গিয়েছে ।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি (টিডিপি) এবং পবন কল্যাণের জনসেনা পার্টির সঙ্গে জোটবদ্ধ হয়ে, এবারে অন্ধ্রপ্রদেশ বিধানসভা ও লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল । এই জোট রাজ্যের ২৫টি লোকসভা আসনের মধ্যে ২১টি দখল করে । যার মধ্যে টিডিপি ১৬টি, বিজেপি তিনটি এবং জনসেনা পার্টি দু’টি আসন লাভ করে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

