ওড়িশায় দীর্ঘদিনের ‘নবীন’ জমানার ইতি ঘটেছে। ওই রাজ্যে প্রথমবার সরকার গড়ছে বিজেপি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ওড়িশার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোহন মাঝি। একইসঙ্গে শপথ নেবেন উপমুখ্যমন্ত্রী পার্বতী পরিদা এবং কনক বর্ধন।
জানা গিয়েছে, বুধবার বিকেল ৫ টা নাগাদ ভুবনেশ্বরের জনতা ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা। বিজেপি শীর্ষ নেতাদের অনেকেই উপস্থিত থাকতে পারেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে সামিল থাকবেন বলে খবর। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করে তাঁকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন মোহন মাঝি। আমন্ত্রণে সাড়া দিয়ে বিজেডি প্রধান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেও দাবি করেছেন তিনি।
ওড়িশার বিধানসভা নির্বাচনে ১৪৭ টি আসনের মধ্যে ৭৮ টিতে জয় পায় বিজেপি। বিজু জনতা দলের ঝুলিতে আসে মাত্র ৫১ টি আসন। সরকার গঠন করে বিজেপি। উল্লেখ্য, মোহন মাঝি একজন আদিবাসী নেতা, গত আড়াই দশকের বেশি সময় ধরে বিজেপির সঙ্গে যুক্ত। তাঁকেই শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে চূড়ান্ত করল শীর্ষ নেতৃত্ব।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

