দক্ষিণ কুয়েতের মানগাফ এলাকায় বহুতলে বিধ্বংসী আগুন । অগ্নিদগ্ধ হয়ে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । জখম হয়েছেন কমপক্ষে ৪৩ জন ।
কুয়েত পুলিশের শীর্ষ কর্তা মেজর জেনারেল ইদ রাশিদ হামাদ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ছ’টা নাগাদ ঘটনাটি ঘটে । যে বহুতলে আগুন লাগে, তার গ্রাউন্ড ফ্লোরে থাকতেন শ্রমিকরা । আগুনের খবর পেয়েই, ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একাধিক ইঞ্জিন । গুরুতর আহতদের উদ্ধার করে, নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে । কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে । এমনকি বহুতলের কয়েকটি ফ্লোরের আবাসিকদেরও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় ।

কুয়েতের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই ভবনটিতে প্রায় ১৬০ জন শ্রমিক থাকতেন । তারা সকলেই একই সংস্থার কর্মী । সেই সংস্থাই ওই বহুতলের গ্রাউন্ড ফ্লোরে, শ্রমিকদের থাকার ব্যবস্থা করেছিল ।
সংবাদ সংস্থাকে ফরেনসিক বিভাগের ডিরেক্টর মেজর জেনারেল ইদ আল-ওয়াইহানের জানিয়েছেন, আল-মানগাফের অগ্নিকাণ্ডের জন্য গ্যাস সিলিন্ডারই দায়ী বলে প্রাথমিক তদন্তে অনুমান । তাঁর আশঙ্কা, সকালে কোনও ভাবে রান্না করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায় ।

কুয়েত দমকল বাহিনীর জনসংযোগ আধিকারিক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আল-গারিব জানিয়েছেন, দমকল বিভাগ ভোর রাত সাড়ে ছ’টা নাগাদ আগুন লাগার খবর পায় । ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে তাঁরা । যাদের মৃত্যু হয়েছে তাদের অধিকাংশই ঘুমের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন ।

হাসপাতালে ভর্তি হওয়া অগ্নিদগ্ধদের বিস্তৃত সমস্ত রকম চিকিৎসার দায়িত্ব নিয়েছে কুয়েত সরকার । সেদেশের স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, কীভাবে আগুন লাগলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে । নিহতদের মধ্যে চার জন ভারতীয় রয়েছেন বলে দাবি সংবাদ সংস্থার । কুয়েতে নিযুক্ত দিল্লির দূতের সঙ্গে যোগাযোগ করছে কুয়েতের স্বরাষ্ট্র দফতরের আধিকারিকরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

