।। অর্পিতা দাশগুপ্ত ।।
উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও এখনও বঞ্চিত দক্ষিণবঙ্গ। তাপপ্রবাহের অস্বস্তিতে ভুগছে আমজনতা। সকাল থেকেই চড়া রোদ। অপেক্ষা এখন বর্ষার। এরইমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া দফতর। তবে গরম কমবে কি না সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। মাঝ সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম জেলা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এলাকায় আকাশ মেঘলা থাকবে। আজ ও আগামিকাল হালকা বৃষ্টি হবে। পাশাপাশি ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরুতেও বৃষ্টি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বুধ ও বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি হয়েছে। বৃষ্টি হলেও রবিবার পর্যন্ত দক্ষিণের বেশকিছু জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির কাছাকাছি।
দক্ষিণে দহনজ্বালা চললেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহারে জারি হয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পংয়ে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরের নীচের তিন জেলা অর্থাৎ মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

