নির্বাচন মিটতেই ‘বিরতি’ ঘোষণা অভিষেকের, নেপথ্যে কারণ কী?

।। অর্পিতা দাশগুপ্ত ।।

লোকসভা নির্বাচনে বাংলায় কার্যত সবুজ ঝড় বয়ে গিয়েছে। ভোট মিটতেই পুনরায় প্রশাসনিক কাজে নজর দিয়েছে নেতৃত্ব। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো একের পর এক বৈঠক করছেন। এরইমধ্যেই সংগঠন থেকে সাময়িক বিরতির ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বুধবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘নবজোয়ার যাত্রা’র প্রসঙ্গ এনে তিনি লেখেন, ‘গত বছর এই সময় নবজোয়ার যাত্রায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে গোটা রাজ্যে ঘুরেছি এবং সাধারণ মানুষের জীবন যাপন ও সমস্যাগুলি বোঝার চেষ্টা করেছি। লাগাতার মূল্যবৃদ্ধি এবং বকেয়া আটকে থাকায় সৃষ্ট সমস্যা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাজ্যব্যাপী বিক্ষোভ সংগঠিত করে  জনগণের অধিকারের জন্য লড়াই করে দিল্লি পর্যন্ত এই আন্দোলনকে নিয়ে যায়।‘

আরও লেখা হয়, ‘বাংলার জনগণের আমাদের প্রতি তাঁদের আস্থা ও বিশ্বাস রেখেছে, আমরা কৃতজ্ঞ। কেন্দ্র-রাজ্য সংঘাতের কারণে সামান্য বাড়ির অধিকার থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল জনগণের ক্ষোভ ও হতাশাকে প্রতিফলিত করে। ৩১ ডিসেম্বরের মধ্যেই এই সমস্যার সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।‘ এরপরই অভিষেক জানান, ‘শারীরিক চিকিৎসাজনিত কারণে আমি সংগঠন থেকে সাময়িক বিরতি নেব। এই সময়ের মধ্যে সাধারণ মানুষ ও সম্প্রদায়গুলির সমস্যা এবং চাহিদা বোঝার চেষ্টা করব। আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গ সরকার নিষ্ঠার সাথে তাদের কাজ করবে।‘  

বেশ কয়েক বছর ধরেই চোখের সমস্যায় ভুগছেন অভিষেক। চিকিৎসার প্রয়োজনে বিদেশ যাত্রাও করতে হয় তাঁকে। ২০২২ সালে দীর্ঘ ৭ ঘণ্টার অস্ত্রোপচার হয় তাঁর চোখে। রোদ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। তবে নির্বাচনী প্রচারে তাঁকে একটানা বাইরে থাকতে হয়েছে। নিজের পোস্টে চোখের সমস্যার কথা উল্লেখ না করলেও রাজনইতিক মহলের একাংশের ধারণা, চোখের চিকিৎসার জন্য ফের বিদেশ সফরে যেতে পারেন অভিষেক। আগামী মাসেই বাংলায় উপনির্বাচন রয়েছে, তার আগে কী অভিষেকের ‘বিরতি’র সমাপ্তি ঘটবে, সেই প্রশ্ন থেকে যাচ্ছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube